কমল মাছের উৎপাদন, রাজ্যে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৪-২৫ সালে মাছের রেকর্ড উৎপাদন হয়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যে তারা ছিল দ্বিতীয় স্থানে। বছর ঘুরতেই তৃতীয় স্থানে নেমে গেল জেলাটি। ২০২৫-২৬ সালে দক্ষিণ ২৪ পরগনায় ৩ লক্ষ ৩৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। সেটা ২০২৪-২৫ সালে ছিল ৪.২২ লক্ষ মেট্রিক টন। পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, অনেকটাই হ্রাস পেয়েছে উৎপাদনের হার। সম্প্রতি মৎস্য দপ্তরের একটি রিপোর্ট সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। মূলত ভেড়িতে মাছের উৎপাদন কম হওয়ার কারণেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

Advertisement

এদিকে সূত্রের খবর, ২০২৫-২৬ সালে পূর্ব মেদিনীপুর মাছ উৎপাদনের নিরিখে শীর্ষে উঠে এসেছে। ওই জেলায় ৪ লক্ষ ৮৮ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। ২০২৪-২৫ সালে তারা তৃতীয় স্থানে ছিল। উত্তর ২৪ পরগনা ২০২৪-২৫ সালে শীর্ষে ছিল। তারা এবার দ্বিতীয়। ২০২৫-২৬ সালে এই জেলায় ৩ লক্ষ ৫০ হাজার লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়েছে। সব মিলিয়ে ২০২৫-২৬ সালে রাজ্যে ২৫ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদিত হয়েছে। গতবারের (২৩.৭ লক্ষ মেট্রিক টন) থেকে বেড়েছে এই পরিমাণ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় সামুদ্রিক মাছের একটা অংশ সার্বিক উৎপাদনে যুক্ত হয়। এছাড়াও ভেড়ি ও নিজ উদ্যোগে পুকুর বা জলাশয়ে মাছ চাষ হয়। তারও একটা পরিমাণ উৎপাদনে ধরা হয়। প্রতিবার সামুদ্রিক মাছের পরিমাণ কমবেশি হওয়ার কারণেই উৎপাদনের উপর একটা প্রভাব পড়ে। সূত্রের খবর, ২০২৫-২৬ সালে সেটা হয়নি। কিন্তু ভেড়িচাষের আশানুরূপ ফল না হওয়ায় পিছিয়ে পড়ে এই জেলা। এই জায়গায় উত্তর ২৪ পরগনা টেক্কা দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিকে, ২০২৬-২৭ সালে ২৭ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। সেটা কতটা পূরণ হবে তার দিকে তাকিয়ে সবাই।