মুম্বই, ১২ নভেম্বর: সম্ভাবনাময় বাজার হিসেবে বিশ্বে আরও গুরুত্ব বাড়ছে ভারতের। নভেম্বর মাসের পর্যালোচনায় নিজেদের ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড’ সূচকে ভারতের চারটি সংস্থাকে যুক্ত করেছে মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বা এমএসসিআই। পাশাপাশি বাড়ানো হয়েছে ১১টি শেয়ারের ওয়েটেজ।
এমএসসিআই-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড ইনডেক্সে যুক্ত হয়েছে এলআইসি, আদানি গ্রিন এনার্জি, তথ্যপ্রযুক্তি সংস্থা কোফোর্জ এবং ই-কমার্স সংস্থা মিসো। এই ঘোষণার পরে এই চার সংস্থার শেয়ার ০.৫ শতাংশ থেকে ৩.৪ শতাংশ বেড়েছে। উল্টোপথে, এমএসসিআই-এর ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড’ সূচক থেকে ছিটকে গিয়েছে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক উৎপাদনকারী সংস্থা পিআই ইন্ডাস্ট্রিজ।
বিশেষজ্ঞদের মতে, এমএসসিআই-এর স্ট্যান্ডার্ড ইমার্জিং মার্কেট ইনডেক্সে আগামীদিনে ভারতের গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা। বর্তমানে এই সূচকে ভারতের ওয়েটেজ ১২.৯ শতাংশ। আগামীদিনে তা বেড়ে ১৩.১৫ শতাংশ হতে পারে বলে তাঁদের অনুমান।



