ইন্তার মায়ামি- ২ : পামেইরাস- ২
ইন্তার মায়ামি- ২ : পামেইরাস- ২
ফ্লোরিডা: মঙ্গলবার ৩৯ বছরে পা রাখলেন লায়োনেল মেসি। ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিরুদ্ধে জিতে আর্জেন্তাইন মহাতারকাকে বার্থডে গিফট দিতে চেয়েছিলেন লুইস সুয়ারেজরা। তবে জন্মদিনের আগের রাতে দু’গোলে এগিয়ে থেকেও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হল বাঁপায়ের জাদুকরকে। সোমবার ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পামেইরাসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইন্তার মায়ামি। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছল তারা। শেষ ষোলোর লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ উয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ী পিএসজি। উল্লেখ্য, প্যারিসের ক্লাবটি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। ম্যাচে ইন্তারের হয়ে জাল কাঁপান তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেজ।
চলতি মরশুমের শুরু থেকেই রক্ষণের দুর্বলতায় ভুগছে ইন্তার মায়ামি। মেজর লিগ সকারে একটা পর্বে টানা পয়েন্ট খুইয়েছে তারা। ক্লাব বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত। গত ম্যাচে পোর্তোর বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও মেসি-ম্যাজিকে ভর করে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ডেভিড বেকহ্যামের দল। সোমবার অবশ্য শুরুটা দারুণ করে তারা। ১৬ মিনিটেই ইন্তার মায়ামিকে এগিয়ে দেন আলেন্দে। ব্যক্তিগত দক্ষতায় নিজেদের অর্ধ থেকে গতি বাড়িয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল কাঁপান এই আর্জেন্তাইন স্ট্রাইকার (১-০)। এরপর ৬০ মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ (২-০)। এই পর্বে মনে হয়েছিল, সহজেই জয় নিয়ে মাঠ ছাড়বেন মেসিরা। কিন্তু রক্ষণের ম্যাচের শেষ ১০ মিনিটে দু’গোল হজম করে ইন্তার। ৮২ মিনিটে পামেইরাসের হয়ে ব্যবধান কমাল পাওলিনহো (২-১)। আর ৮৮ মিনিটে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে হার বাঁচান মরিসিও (২-২)। ম্যাচ শেষে একরাশ হতাশার মধ্যেই মাঠ ছাড়েন এলএমটেন।
এদিকে, গ্রুপ পর্বে টানা দু’ম্যাচ জিতেও ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল আতলেতিকো মাদ্রিদ। সোমবার বোটাফোগোকে ১-০ গোলে হারাল তারা। ৮৭ মিনিটে দলের জয়সূচক গোলটি আঁতোয়া গ্রিজম্যানের। তবে পিএসজি’র কাছে প্রথম ম্যাচে ৪ গোলে হারের জেরে গোল পার্থক্যে ছিটকে গেল ডিয়েগো সিমোনে ব্রিগেড।