Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ আইএসএলের সূচি ঘোষণা করতে পারে ফেডারেশন

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। দেশের ১ নম্বর টুর্নামেন্ট ঠিকঠাক আয়োজন করাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে বড় চ্যালেঞ্জ।

আজ আইএসএলের সূচি ঘোষণা করতে পারে ফেডারেশন
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। দেশের ১ নম্বর টুর্নামেন্ট ঠিকঠাক আয়োজন করাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, বুধবার আইএসএলের সূচি প্রকাশ করতে চলেছে এআইএফএফ। দুপুর ১২টা নাগাদ বিভিন্ন ক্লাব ও ফেডারেশন কর্তাদের অনলাইন বৈঠকে সূচি তৈরি হওয়ার কথা। ঠিক হয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আইএসএলের ম্যাচ হবে। এর মধ্যে বৃহস্পতিবার শুধুমাত্র একটি ম্যাচ আয়োজনের ভাবনা ফেডারেশনের। শুক্র, শনি ও রবিবার ‘ডাবল হেডার।’ অর্থাৎ এই তিনদিন  দু’টি করে ম্যাচ। সূচি তৈরি করে তা ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধির কাছে ই-মেল করে পাঠিয়ে দেওয়া হবে। কোনও কারণে নির্দিষ্ট তারিখে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ম্যাচের তারিখ বদলানো ছাড়া উপায় নেই। পাশাপাশি, এআইএফএফ থেকে ম্যাচ আয়োজনের কনফার্মেশন লেটার দেওয়ার অনুরোধ জানিয়েছে ক্লাব জোট। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট রাজ্য সংস্থার সঙ্গে কথা বলবে তারা। স্টেডিয়াম ভাড়া ও প্র্যাকটিস ভেন্যুর খরচ যতটা সম্ভব কমানোই লক্ষ্য। ইতিমধ্যেই কলকাতার তিন প্রধান সহ বাকিরা হোম ম্যাচের ভেন্যু বেছে নিয়েছে। ইন্টার কাশীর সবক’টি অ্যাওয়ে ম্যাচ খেলার অনুরোধ বিবেচনা সাপেক্ষ।

Advertisement

এদিকে, মঙ্গলবার নয়াদিল্লির ফুটবল হাউসে গর্ভনিং কাউন্সিল ঢেলে সাজানো হয়। আইএসএলের রিমোট কন্ট্রোল থাকছে ২২ সদস্যের এই কমিটির হাতে। ১৪টি ক্লাবের প্রতিনিধি ছাড়াও ফেডারেশনের শীর্ষকর্তাদের নিয়ে গর্ভনিং কাউন্সিল তৈরি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও জোটের শর্ত মেনে গর্ভনিং কাউন্সিলে তাদের প্রতিনিধির সংখ্যা বেশি থাকছে। এছাড়াও দৈনন্দিন কাজকর্ম দেখভালের জন্য তৈরি হচ্ছে আলাদা কমিটি। পাশাপাশি, আইএসএলের টেন্ডার বাজারে ছাড়ার প্রস্তুতি শুরু করে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। চলতি সপ্তাহে দরপত্র ‘ফ্লোট’ করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত হওয়ার কথা। এরপর দীর্ঘমেয়াদী চুক্তির রাস্তায় হাঁটবে ফেডারেশন। অনেকেরই ধারণা, শর্ত পছন্দ হলে ফের দরপত্র কিনতে পারে এফএসডিএল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ