ঢাকা: ফের হতে পারে ভূমিকম্প। কম্পনের মাত্রা হতে পারে আগের থেকেও তীব্র। এমনই আশঙ্কা বাংলাদেশের ভূমিকম্প বিশেষজ্ঞদের। তাঁদের বার্তা, অবিলম্বে বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা প্রয়োজন। নাহলে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। গত শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পের সাক্ষী থেকেছে বাংলাদেশ। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১০। আহত অন্তত ৫০০। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙেছে একাধিক বহুতল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। এরপর আর তিনবার আফটার শক অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এই ঘটনা আরও বড় বিপদের আভাস দিয়ে গেল।
ভূমিকম্প বিশারদ সৈয়দ হুমায়ুন আখতারের দাবি, ইন্দো-মায়ানমার সাব-ডাকশন জোনে এমন একটি চাপ তৈরি হচ্ছে, যা বড় ভূমিকম্প ডেকে আনতে পারে। আর এক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমায় দাঁড়িয়ে আছে। কারণ ভৌগলিক অবস্থানের জন্যই বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ। বিশ্বের ২০টি ভূমিকম্পপ্রবণ শহরের মধ্যে একটি হল ঢাকা। তাই পর্যাপ্ত সুরক্ষা না থাকলে বড় বিপদের আশঙ্কা থেকেই যায়।
বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি জানিয়েছেন, বড় ভূমিকম্প হলে ঢাকায় মারাত্মক ক্ষতি হবে। তাঁর অভিযোগ, এসব নিয়ে প্রশাসনের কোনও মাথাব্যথা নেই। অধ্যাপক আনসারির অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়ি তৈরি বা নির্মাণের সময় পর্যাপ্ত তদারকি হচ্ছে না। আর এই অবহেলার কারণেই আগামীতে বড় বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে।