ঢাকা: ওপার বাংলার রাজধানীতে পরপর ককটেল বিস্ফোরণ। জেলায় জেলায় চলন্ত বাস-গাড়িতে আগুন। জ্বালিয়ে দেওয়া হয়েছে থানা, সরকারি অফিস। রেহাই পায়নি প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী মহম্মদ ইউনুসের বাড়ি। বর্তমান একাধিক সাংসদের বাসভবনও আক্রান্ত। সব মিলিয়ে বৃহস্পতিবার অগ্নিগর্ভ পরিবেশ বাংলাদেশে।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দেওয়ার পর থেকেই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এপর্যন্ত ১৮-১৯টি জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। শুধু ঢাকাতেই গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত শেখ হাসিনার দল আওয়ামি লিগের ঘনিষ্ঠ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও। অশান্তি সীমা ছাড়িয়ে যাওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন এক সভায় সাফ জানিয়েছেন, যথেষ্ট হয়েছে, আর নয়। আওয়ামি লিগের সঙ্গে যুক্ত জঙ্গিরা ফের দেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে নাশকতা শুরু করেছে। গণতান্ত্রিক শক্তিকে একত্র হয়ে নিষিদ্ধ আওয়ামি লিগের পুনরুত্থান আটকানোর আহ্বানও জানান তিনি। যদিও হাসিনা দমতে নারাজ। এদিনই আইনি সংস্থার মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দেশজুড়ে শাটডাউনের ডাক দিয়েছিল আওয়ামি লিগ। শেখ হাসিনার জেলা শহর গোপালগঞ্জে শুরু হয়েছিল এই বিক্ষোভের পর্ব। এদিনও সেখানে শাটডাউন সফল করতে কাটারি এবং কুড়ুল নিয়ে পথে নামে আওয়ামি সমর্থকরা। বেলা বাড়তেই গোপালগঞ্জে শাসকদল বিএনপির সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চলে। লাগানো হয় আগুন। দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানাতেও চলে ভাঙচুর। থানার ভিতরে থাকা ১০টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অশান্তির আঁচ বুধবারই পৌঁছে গিয়েছিল রাজধানী ঢাকায়। শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে খিলগাঁও, শ্যামপুর, শহিদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরপর ককটেল বিস্ফোরণ হয়েছে। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।
এখনও পর্যন্ত অশান্ত বাংলাদেশে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঢাকা ট্রিবিউন জানিয়েছে, মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির কৃষক নেতা রাজু মোল্লা নিহত হন। বুধবার ভোরে পিরোজপুরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে বাসের এক খালাসি জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় মিছিল বার করে বিএনপির কৃষক শাখা কৃষক দল এবং সংস্কৃতি শাখা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সেই মিছিলে হামলা চালালে মৃত্যু হয় কৃষক নেতা শাহিনুর শেখ (৪৫) ও জাসাস নেতা সোহেল মোল্লার (৩৫)। বুধবার রাতে চট্টগ্রামে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের পৈত্রিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ-দমকল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে যুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা হয়েছে গত কয়েকদিনে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কাশিয়ানিতে বিএনপির একটি অফিসে এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কার্যত তাণ্ডব চালাচ্ছে আওয়ামি সমর্থকরা। পটুয়াখালি, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে আবার আক্রমণ চলেছে আওয়ামি নেতাদের বাড়িতেই।



