বেইজিং, ১৯ নভেম্বর: বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী শক্তির নেতাকে একই টেবিলে বসতে সচরাচর দেখা যায় না। কিন্তু বৃহস্পতিবার চীনের শেনজেনে তৈরি হল সেই বিরল মুহূর্ত। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিন রাষ্ট্রনেতার ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতেই আন্তর্জাতিক মহলের নজর ঘুরে গেল চীনের দিকে। বৈঠকের সূচনাতেই ট্রাম্পের ঘোষণা, তাঁরা ‘ইতিহাস তৈরি করছেন’। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছে ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক সংঘাত, বিশ্বশান্তি এবং পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ।
বৈঠকের সূচনা করে ট্রাম্প বলেন, তিন নেতার আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। তার মধ্যে বিশেষ গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাশাপাশি বিশ্বের তিন বৃহত্তম পরমাণু শক্তিধর দেশের দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা প্রয়োজন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আয়োজক দেশের নেতা হিসেবে দুই রাষ্ট্রনেতাকে স্বাগত জানান শি জিনপিং। শি বলেন, বিচ্ছিন্ন দ্বীপের মতো আলাদা হয়ে থাকার দিন শেষ। বিশ্ব এখন অভিন্ন। সেখানে এক দেশের উত্থান-পতনের সঙ্গে অন্য দেশগুলিও কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে। তাই বড় শক্তিগুলির কাঁধে বিশেষ দায়িত্ব রয়েছে। তাঁর বক্তব্য, ইতিহাসে এই প্রথম চীন রাশিয়া ও আমেরিকার শীর্ষ নেতারা একসঙ্গে বৈঠকে বসেছেন। ফলে এই আলোচনা শুধু তিন দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের ভবিষ্যতের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আঞ্চলিক সংঘাতের সমাধানের ক্ষেত্রে তিন দেশেরই অভিন্ন স্বার্থ এবং যৌথ দায়িত্ব রয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়েও শি জিনপিংয়ের সঙ্গে বুধবার এবং ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনায় কথা হয়েছে’। পাশাপাশি ট্রাম্প বলেন, ‘বিশ্বের তিন বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর পাশাপাশি সেগুলির ব্যবহারজনিত ঝুঁকি হ্রাস করার বিশেষ সুযোগ রয়েছে’।



