ওয়াশিংটন: অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (এশিয়ান) তথা কোয়াড সম্মেলনে চলছিল ফটোসেশন। মঞ্চে দাঁড়িয়ে আছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকিয়াচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ঠিক ছিল, চার রাষ্ট্রপ্রধানের ছবি তুলে নেওয়ার পরই ফটোগ্রাফাররা মঞ্চ থেকে নেমে আসবেন। কিন্তু আচমকাই ফটোসেশনে হাজির সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টকে একটার পর একটা প্রশ্ন করা শুরু করেন। তিনিও খোশমেজাজে উত্তর দিতে থাকেন। ফটোসেশনের সেই মঞ্চ কার্যত হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্পের ‘অঘোষিত’ সাংবাদিক সম্মেলন। বেশ কিছুক্ষণ বাকি রাষ্ট্রনেতারা চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, ‘এবার কি আমরা এগতে পারি?’ যদিও তাতে ট্রাম্প ও সাংবাদিকদের বাক্যালাপ থামেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাম্পের দিকে ঘুরে মোদি মঞ্চ থেকে নেমে যাওয়ার উপক্রম করলেও ট্রাম্প কথা বলা থামাননি। এমনকি তিনি মোদির দিকে তাকিয়ে এও বলেন, ‘দেখুন, আমি এই প্রশ্নগুলির উত্তর দিচ্ছি। এটা খুবই কঠিন!’
ভাইরাল এই ভিডিয়ো ঘিরে নানা মহলেই চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদি সাধারণত কোনো সাংবাদিক সম্মেলন করেন না। তা নিয়ে সর্বদাই সরব বিরোধী মহল। এই অবস্থায় বিদেশে আন্তর্জাতিক সম্মেলনের ফটোসেশনে ট্রাম্পের হঠাৎ ‘অঘোষিত’ সাংবাদিক সম্মেলন, মোদির তা থেকে বেরিয়ে আসার চেষ্টা, এবং ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। মার্কিন প্রেসিডেন্ট আদতে মোদিকে খোঁচা দিয়েছেন বলেই মত অনেকের। ইতিমধ্যেই কংগ্রেস মোদির অস্বস্তিকে ‘আতঙ্ক’ বলে ব্যাখ্যা করেছে। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর দলের কটাক্ষ, ‘সাংবাদিকরা প্রশ্ন করছেন। আর মোদি সেটা দেখে পালাচ্ছেন। ওঁর (মোদির) মুখ দেখেই বোঝা যাচ্ছে যে, ভয় পেয়ে গিয়েছেন। না জানি আবার তাঁকে যদি কোনো সাংবাদিক প্রশ্ন করে বসেন। আসলে, নরেন্দ্র মোদি প্রশ্নকে এত ভয় পান কেন?’
তবে শুধু মোদি নন, ট্রাম্পের অঘোষিত সাংবাদিক সম্মেলন দেখে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও অস্বস্তিবোধ করতে দেখা গিয়েছে। ট্রাম্প অবশ্য তাঁর কাণ্ড নিয়ে বলেন, ‘এটাই জীবন। যখন আপনি অনেক বড়ো হবেন, শক্তিশালী হবেন এবং আপনার কাছে বিপুল অর্থ থাকবে, তখন এগুলো হতেই পারে। তাতে কোনো সমস্যা নেই।’



