বেজিং: নজিরবিহীন সমাপতন। একমঞ্চে ‘ত্রিশক্তি’। যুদ্ধ-বিধ্বস্ত সময়ে বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে নয়া ইতিহাস তৈরি হল বুধবার। চীনের শেনজেনে একফ্রেমে ধরা দিলেন তিন মহাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান— ডোনাল্ড ট্রাম্প, জি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। এই প্রথম। উপলক্ষ্য, চীনের পার্ল নদীর পূর্ব পাড়ের এই শহরে আয়োজিত অ্যাপেক সম্মেলন। উপস্থিত হয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাবড় রাষ্ট্রনেতারা। মধ্যমণি অবশ্যই তিনজন। আমেরিকা, রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট। আনুষ্ঠানিক বৈঠকের আগে নৈশভোজের আসরে তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। ইউক্রেন যুদ্ধের দ্বন্দ্ব পাশে সরিয়ে ট্রাম্পের দিকে এগিয়ে গেলে খোদ পুতিন। ঠিক পাশেই দাঁড়িয়ে জিনপিং। এই প্রথম প্রকাশ্যে একত্রে দেখা মিলল তিন রাষ্ট্রপ্রধানকে। আর একত্রে তিন নেতার এই ছবিতেই যুদ্ধ শেষের ইঙ্গিত পাচ্ছে কূটনৈতিক মহল।
ঐতিহাসিক মুহূর্ত ক্যামেরাবন্দি করতে মুখিয়ে মিডিয়া। গ্রুপ ফোটোগ্রাফের জন্য সেখানে ইতিমধ্যেই হাজির ট্রাম্প ও জিনপিং। তার মধ্যেই লাল কার্পেট দিয়ে এগিয়ে চললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করলেন তিনি। চলল উষ্ণ শুভেচ্ছা বিনিময়। পরস্পরের কাঁধ চাপড়ে দিলেন তাঁরা। সেই দৃশ্য দেখে মুখে মৃদু হাসি ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা জিনপিংয়ের। সেখানে উপস্থিত চীনা প্রেসিডেন্টের স্ত্রীও। বৃহস্পতিবার পৃথকভাবে বৈঠকে মিলিত হবেন তিন মহাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। তার আগে এদিনের এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিয়ো টেলিগ্রামে পোস্ট করেছে ক্রেমলিন। সঙ্গে লেখা হয়েছে, ‘ঐতিহাসিক করমর্দন’। নৈশভোজের আগে পুতিন ও ট্রাম্পের সংক্ষিপ্ত বাক্যালাপও তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৫ সালের আগস্টে আলাস্কার রুশ-মার্কিন বৈঠকের পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা মুখোমুখী হলেন। আসিয়ান সম্মেলন উপলক্ষ্যে ম্যানিলায় ২১ ঘণ্টা কাটিয়ে বুধবার চীনের শেনজেনে পৌঁছান ট্রাম্প। ট্রাম্পের কয়েক ঘণ্টা আগেই শেনজেনে পৌঁছে জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন পুতিন।



