হাসিনার তালুকে অশান্তির আগুন, আগুন ইউনুসের পৈতৃক বাড়িতেও, ফের উত্তপ্ত বাংলাদেশ, হিংসা ছড়াল ১৫ জেলায়
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তাঁর নিজের শহর গোপালগঞ্জ এখন কার্যত নিষিদ্ধ আওয়ামি লিগের দখলে। গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামি সমর্থকদের বিরুদ্ধে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ চৌকি, পুলিশের গাড়ি। এমনকি গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। ঘটনার পর থেকে আর জিলানির কোনো খোঁজ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। এরই মধ্যে রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের চট্টগ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত ওই বাড়ির নীচতলার 

Advertisement

মঙ্গলবার থেকে হিংসা ছড়িয়েছে বাংলাদেশের মোট ১৫টি জেলায়। শুধু গোপালগঞ্জ নয়, পাশের জেলা ফরিদপুরেও হাসিনার সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থকদের লড়াই হিংসাত্মক আকার ধারণ করে। সেই সংঘর্ষে বিএনপির কৃষক শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় নেতা রাজু মোল্লার মৃত্যু হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় এবং বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরানো হয়। নাশকতার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুরেও। বিক্ষোভের আঁচ থেকে মুক্ত নয় রাজধানী শহর ঢাকাও। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তেজগাঁও ও মীরপুর এলাকায় স্থানীয় সময় রাত ৮টা ৪৫ থেকে ১১টা ১৫-র মধ্যে দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শহরের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তারা। তবে কারও হতাহতের খবর নেই। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সতর্ক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাঁর সাফ কথা, ‘ভিডিয়ো ফুটেজ, অডিয়ো রেকর্ডিং বা ছবি দেখে থানা, পুলিশের গাড়িতে আগুন লাগানোয় জড়িত ব্যক্তিদের আজ বা কাল চিহ্নিত করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার।’ বিক্ষোভের কেন্দ্রে থাকা টুঙ্গিপাড়া থানায় ২০০ পুলিশ মোতায়েন রয়েছে বলে মন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন। তবে প্রাণহানি ঠেকাতে সরকার পুলিশকে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় এক সাংবাদিক জানাচ্ছেন, টুঙ্গি থানায় ৩০ জন সন্দেহভাজন আওয়ামি সমর্থককে আটক রাখা হয়েছিল। এখন থানা খালি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সামা ওবাইদ ইসলাম এখন ফরিদপুরেই রয়েছেন। তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামি লিগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।’ নিষিদ্ধ আওয়ামি লিগের নাশকতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে জামাত।