হেগ: রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে মায়ানমার। বৃহস্পতিবার ঐতিহাসিক রায় রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালতের। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের উপর নৃশংস অত্যাচার চালায় মায়ানমারের সেনাবাহিনী। আট বছর পর সেই হত্যাকাণ্ডে ৯-৬ সংখ্যাগরিষ্ঠতায় দেশটিকে দোষী সাব্যস্ত করল আদালত। আন্তর্জাতিক আদালতে বিচারকের প্যানেলে ছিলেন সদ্য নোবেলজয়ী নবি পিল্লাই। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিকে আদালতের নির্দেশ, নির্যাতনের কারণে যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁদের দেশে ফিরিয়ে পুনর্বাসন দিতে হবে।
বিচারক ইয়ুজি ইয়াশাওয়া বলেছেন, ‘হাজার হাজার রোহিঙ্গা নৃশংসভাবে খুন করার প্রমাণ পেয়েছে আদালত। চরম যৌন নির্যাতন চালানো হয়েছে নারীদের উপর। রেহাই পায়নি শিশুরাও। অত্যাচারের জেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।’ এই প্রথমবার কোনো দেশকে গণহত্যায় দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত। গাজায় ইজরায়েলের অভিযান, ইউক্রেনের যুদ্ধের মতো একাধিক মানবতাবিরোধী অপরাধের মামলাও বিচার করছে এই আদালতটি।
বৃহস্পতিবারের রায় সম্পর্কে রোহিঙ্গা অধিকারের পক্ষে লড়াই করা সমাজসেবী ইয়াসমিন উল্লাহ বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য এটা একটা বড়ো দিন। পৃথিবীজুড়ে থাকা সকল নিপীড়িত মানুষ, যাদের উপর হওয়া অত্যাচার কথা শোনার কেউ নেই, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’



