শিকাগো ও নয়াদিল্লি: শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতার আসর। অতিথি রাহুল গান্ধী। সঞ্চালকের ভূমিকায় অধ্যাপক রবার্ট পেপে। উঠল ‘ভোট চুরি’র প্রসঙ্গ। নির্বাচনি কারচুপি নিয়ে নিশ্চিত হলে বিরোধীরা ভোট বয়কট করছেন না কেন? কারণ হিসাবে রাহুল বললেন, আমার কাছে ভারতীয় গণতন্ত্র ‘স্যাক্রেড’। অর্থাৎ ‘পবিত্র’। ভোট বয়কট করলে ঠিক সেই মুহূর্তেই ভারতীয় গণতন্ত্রে যবনিকা পড়ে যাবে। গোটা ব্যবস্থাটাকে যে দুরমুশ করা হচ্ছে, মানুষের কাছে আমরা তা ফাঁস করতে চাই। যতক্ষণ না সেটা হচ্ছে, কংগ্রেস হারের যন্ত্রণা সহ্য করতেও প্রস্তুত। অর্থাৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে আরএসএসের ‘দখলদারি’র অভিযোগকেই নিশানা বানালেন তিনি। একইসঙ্গে ফের দাবি করলেন, নির্বাচন কমিশনের ভিতর থেকেই তথ্য আসতে শুরু করেছে। কমিশনের প্রবীণ আধিকারিকরাও আক্ষেপ করছেন। বলছেন, এমন পরিবেশে কাজ করা যায় না।
তবে গণতন্ত্র প্রসঙ্গে রাহুল ‘স্যাক্রেড’ শব্দের ব্যবহার করলেও বিজেপি সম্ভবতা তা ‘সিক’, অর্থাৎ ‘অসুস্থ’ শুনে তালগোল পাকিয়ে ফেলল। এবং লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে ফের বিদেশের মাটি থেকে ‘ভারত বিরোধী’ অপপ্রচারের অভিযোগ তুলল। আলাপচারিতার ওই ভিডিয়ো শেয়ার বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি লিখেছেন, রাহুল গান্ধী বিদেশের মাটি থেকে ভারতীয় গণতন্ত্রকে ‘অসুস্থ’ বলে মন্তব্য করেছেন। ফের প্রমাণ করলেন, তিনি পরিবারবাদ ভালোবাসেন, ঘৃণা করেন গণতন্ত্রকে! রাহুল ভারতীয় রাষ্ট্র, নাগরিক ও গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। তিনি ভারত বিরোধী অপপ্রচারের নেতা।
এর আগে মঙ্গলবার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও সুর চড়িয়েছিলেন রাহুল। সেখানে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, অর্থনৈতিক বিপর্যয়ের আগ্নেয়গিরির উপর বসে আছে ভারত। শিল্পোৎপাদনের ভিত ভেঙে পড়েছে। শিক্ষাব্যবস্থার মূলেও দেখা দিয়েছে ঘুণপোকা। সরব হয়েছিলেন সীমাহীন বেকারত্ব নিয়েও। তার ঠিক এক দিন পর শিকাগোয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দেশে গণতন্ত্র রক্ষার ইস্যুতে সরব হলেন এই কংগ্রেস নেতা। তবে একইসঙ্গে ভোট বয়কটের সম্ভাবনাও উড়িয়ে দিলেন। তাঁর কথায়, ভারতীয় গণতন্ত্র খুবই পবিত্র। কিন্তু ৩০০ শতাংশ প্রমাণ ছাড়া বলতে পারি না, সেখানে সমস্যা আছে। আমরা যদি বলি নির্বাচনে অংশ নিতে হবে না, বিরোধী কর্মীদের কাছে কী বার্তা যাবে? যদি বলি বিরোধীরা ভোটে লড়বে না, ঠিক সেই মুহূর্তেই ভারতীয় গণতন্ত্র শেষ হয়ে যাবে। আমরা চাই না ভারতীয় গণতন্ত্রের কাঠামোটাই শেষ হয়ে যাক। বিরোধীদের কৌশল হল, মানুষের কাছে নির্বাচনি অনিয়মগুলি ‘ফাঁস’ করা। একইসঙ্গে ভোটের লড়াইও জারি থাকবে।



