ওয়াশিংটন, ২০ নভেম্বর: চিনের একাধিক সংস্থার কাছে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই চিপ রপ্তানির অনুমোদন দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রকাশিত লাইসেন্স সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৮ লক্ষ ৭৯ হাজার এআই চিপ রপ্তনির অনুমতি দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। অনুমোদিত চিপের মধ্যে রয়েছে এনভিডিআর এইচ২০০ প্রসেসর এবং এএমডির এমআই৩২৫এক্স মডেল। তালিকা অনুযায়ী, আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লক্ষ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা বিআইডির জন্য ৪ হাজার চিপ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই চারটি সংস্থার নামই চিনের সামরিক বাহিনীর সঙ্গে সম্ভাব্য যোগসূত্র থাকা সংস্থার তালিকায় রয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের। সেইসঙ্গে ওই ছয় মাসে চিনে প্রায় ৩৪ লক্ষেরও বেশি এআইচিপ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন জমা পড়েছিল। তবে অনুমোদিত লাইসেন্সের কতগুলি ক্ষেত্রে বাস্তবে চিপ পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এই সিদ্ধান্ত ঘিরে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অপরদিকে প্রাক্তন মার্কিন আধিকারিক ক্রিস ম্যাকগুয়ার প্রশ্ন তুলেছেন, সামরিক যোগসূত্রের অভিযোগ থাকা সংস্থাগুলির কাছে এত বিপুল সংখ্যক চিপ পাঠানোর অনুমতি দেওয়ার আগে যথাযথ নিরাপত্তা যাচাই করা হয়েছিল কি না। অন্যদিকে, এনভিডিআ জানিয়েছে, অনুমোদনের ক্ষেত্রে কঠোর শর্ত ও নির্দিষ্ট পরিমাণের সীমা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, লাইসেন্স পেলেও তারা চিনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করেছে।



