নিজস্ব প্রতিনিধি, বারাসত: শ্বশুরকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এক ‘বাংলাদেশি’। দেগঙ্গার বেড়াচাঁপা ১ নং পঞ্চায়েতের বসাকপাড়ায় এমনই ঘটনা সামনে এসেছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই অকপটে স্বীকার করে নিয়েছেন যে শ্বশুরকে নিজের জন্মদাতা বলে দেখিয়ে তিনি ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময় বাংলাদেশেরই স্থায়ী বাসিন্দা ছিলেন জামাল হোসেন মণ্ডল। ৬ বছর বয়সে তিনি বাবার সঙ্গে ভারতে চলে আসেন। এদেশে তাঁরা বসবাস করছেন প্রায় ২৫ বছর। প্রথমে তাঁরা থাকতেন নদীয়ায়। পরে চলে আসেন দেগঙ্গার বসাকপাড়ায়। অস্থায়ীভাবে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন। পরবর্তী সময়ে ওই গ্রামেই নিজের বাড়ি তৈরি করেন। পাকাপাকিভাবে বসবাস শুরুর পর পড়শি এক যুবতীর সঙ্গে বিয়ে হয় জামালের। কিন্তু কাগজেকলমে ভারতীয় হতে গেলে কিছু প্রমাণপত্র প্রয়োজন। তখন জামাল তাঁর স্ত্রী মানোয়ারা বিবির বাবা আকবর আলিকে নিজের বাবা বলে দেখান। যদিও ততদিনে জামালের নিজের বাবা মারা গিয়েছেন। জামাল বলেন, ‘বাবার সঙ্গে এখানে চলে এসেছি। বছর ১৫ আগে শ্বশুরের নাম দিয়ে ভোটার কার্ড তৈরি করিয়েছি।’ জামালের শাশুড়ি মাফুরা বিবি বলেন, ‘এটা ঠিক যে আমার স্বামীর নাম দিয়েই জামাই ভোটার কার্ড তৈরি করেছে। তখন তো এত কিছু বুঝতে পারিনি।’ উল্লেখ্য, ভোটার কার্ডে জামাল হোসেন মণ্ডলের পিতা হিসেবে নাম রয়েছে আকবর আলির। আর জামালের স্ত্রী মানোয়ারা বিবির ভোটার কার্ডেও পিতার নাম রয়েছে একই। দুই আকবরেরই বাড়ির ঠিকানা এক হওয়ায় বিষয়টি সামনে আসে।