প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা বেশি কার্যকর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পক্ষে:

Advertisement

অচিন্ত্য সরকার
আগুনে হাত দিলে হাত পোড়ে— এটা শিখতে কোনো ডিগ্রি লাগে না। এই শিক্ষায় কোনো ভেজাল নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু জ্ঞান প্রদান করে। অভিজ্ঞতায় প্রাপ্ত শিক্ষা আনে প্রজ্ঞা। টম্যাটো একটা ফল, এটা প্রাতিষ্ঠানিক। টম্যাটো রেঁধে খেতে হয়, এটা প্রজ্ঞা। প্রাতিষ্ঠানিক শিক্ষা হল ভাড়াবাড়িতে থাকা। অভিজ্ঞতালব্ধ শিক্ষা হল নিজের বাড়ি বানানো। ডিগ্রি ফাঁকি দিয়েও পাওয়া যায়। অভিজ্ঞতালব্ধ শিক্ষায় ফাঁকি চলে না। এটা বহু কষ্টে অর্জিত। 
শিক্ষক

সায়ন্তন বিশ্বাস
প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের জীবনের প্রাথমিক ভিত্তি তৈরি করে দেয় ঠিকই, কিন্তু বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষাই সবচেয়ে বেশি কার্যকর এবং মূল্যবান। বইয়ের পাতা আমাদের কেবল তাত্ত্বিক জ্ঞান প্রদান করতে পারে, কিন্তু সেই অর্জিত জ্ঞান কীভাবে কঠিন বাস্তবে প্রয়োগ করতে হবে, তা শেখায় অভিজ্ঞতা। সাফল্যের চাবিকাঠি হল মানুষের বাস্তব অভিজ্ঞতা।
তথ্যপ্রযুক্তি কর্মী

অঙ্কন সাউ
প্রাতিষ্ঠানিক ডিগ্রি মূলত কর্মক্ষেত্রে প্রবেশ করার সময় গবেষণা, আইন ও চিকিৎসার মতো পেশায় কার্যকর হয়। আবার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও বাস্তব অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে অনেক ক্ষেত্রে সফল হওয়া সম্ভব। তাই প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রাথমিক ইন্টারভিউয়ের দরজা খুললেও দীর্ঘমেয়াদে বাস্তব দক্ষতা কার্যকর।
ব্যাংক কর্মী

চন্দ্রিকা গড়াই
প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্থাৎ ডিগ্রি যেখানে শেষ, সেখান থেকে অভিজ্ঞতা শুরু। প্রাতিষ্ঠানিক শিক্ষা কেবলমাত্র কর্মক্ষেত্রে প্রবেশের ছাড়পত্র দেয়। কিন্তু যখন হাতেকলমে কাজ করতে হয় তখন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা অনুভূত হয়। একজন অভিজ্ঞ ব্যক্তি তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে কোনো সমস্যা যেভাবে সমাধান করতে পারেন, একজন নতুন ব্যক্তির পক্ষে তা কঠিন।
শিক্ষিকা

বিপক্ষে

অদৃতা সাহা
অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা আমাদের জীবনে অনেক সময় কাজে লাগে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ডিগ্রি দেয়, যা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে কাজ করে। আর এই ডিগ্রি আমাদের উচ্চশিক্ষার জন্য কোথাও ভরতি হওয়ার ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে অপরিহার্য। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া অভিজ্ঞতালব্ধ শিক্ষা প্রয়োগ করার সুযোগ পাব না।
কলেজ ছাত্রী

শ্যামাকান্ত দাস
প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার জন্য ৬০ বছরের একজন  গৃহিণী কোনোদিন তারকা হোটেলের রাঁধুনির মতো পরিচিতি, সুযোগ, প্রতিষ্ঠা পায় না। ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন লেদ মেশিন কারিগর তার নির্দিষ্ট লেদ মেশিন খারাপ হলে একজন তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আগে সে মেশিন সারাই করতে পারবে। কিন্তু অন্য মডেলের লেদ মেশিন সারাজীবন চেষ্টা করেও সারাই করতে পারবে না। প্রতিষ্ঠানিক শিক্ষা বিশ্লেষণ ও উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয়। 
সমাজসেবক

চৈতালী দাস
অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হলেও, প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কোনো সাফল্যের মূল ভিত্তি। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে একটি সুশৃঙ্খল পরিবেশ, কাঠামোগত জ্ঞান এবং তাত্ত্বিক ধারণা প্রদান করে। যা কেবল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া অসম্ভব। চিকিৎসা বা আইনের মতো জটিল ক্ষেত্রে গভীর তাত্ত্বিক জ্ঞান ছাড়া শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ করা ঝুঁকিপূর্ণ ও অসম্ভব। 
গৃহবধূ

সৈকত বৈদ্য
বাস্তব অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প হতে পারে না। বিশেষ করে আইনের ক্ষেত্রে শুধু অভিজ্ঞতার উপর নির্ভর করলে চলবে না। আইন, সংবিধান, বিচারব্যবস্থা ও নাগরিক অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। প্রাতিষ্ঠানিক শিক্ষাই সেই শক্ত ভিত তৈরি করে। বাস্তব অভিজ্ঞতা সেই শিক্ষাকে আরও সমৃদ্ধ করে।
আইনের ছাত্র