সংবাদদাতা, বারুইপুর: বুধবার রাতে উত্তর ২৪ পরগনার টিটাগড় থেকে এক বাইক চোরকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম সৌভিক মজুমদার। তিনি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সকালে কলেজে দিব্যি পড়াশোনা চালাতেন অভিযুক্ত। তারপরে বিকালে কম্পিউটারে অনলাইনে শুরু হতো বাইক কেনাবেচা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে চোরাই বাইক। বৃহস্পতিবার সেটি তুলেও দেওয়া হয়েছে বাইক মালিকের কাছে।
পুলিশ সূত্রে খবর, মে মাসে বারুইপুরের কুণ্ডরালির বাসিন্দা প্রীতম মণ্ডলের বাইক চুরি হয়। প্রীতম বারুইপুর থানায় অভিযোগ করেন। এদিকে, কিছুদিন আগে অনলাইনে সেই বাইকটি দেখিয়ে তা বিক্রি করার কথা বলা হয়। বিষয়টি নজরে আসে প্রীতমের। তিনি পুলিশকে তা জানান। এরপর তদন্তকারী টিম মোবাইল নম্বর ট্র্যাক করে হদিশ পায় অভিযুক্তর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি বাগদা এলাকায়। তিনি ওই এলাকারই একটি বেসরকারি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ দ্বিতীয় বর্ষে পাঠরত। পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন জায়গা থেকে দামি বাইক চুরি করা দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। চোরাই বাইকের ছবি অনলাইনে বিজ্ঞাপণে দিয়ে মোটা টাকায় বিক্রি করা হতো। এই কাজের জন্য বাড়িতে কম্পিউটার, ল্যাপটপও রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকি দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এভাবে ক’টি চোরাই বাইক অনলাইনে কেনাবেচা করেছেন, কে সেই বাইকগুলির সন্ধান তাঁকে দিল, সবই পুলিশ খতিয়ে দেখছে।