Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের আটটি রেজিস্টার্ড দলকে শোকজের পথে নির্বাচন কমিশন

রাজ্যে রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলগুলির অস্তিত্ব যাচাইয়ে আগেই ময়দানে নেমেছিল নির্বাচন কমিশন। সেই মতো এবার পদক্ষেপও হল।

রাজ্যের আটটি রেজিস্টার্ড দলকে শোকজের পথে নির্বাচন কমিশন
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলগুলির অস্তিত্ব যাচাইয়ে আগেই ময়দানে নেমেছিল নির্বাচন কমিশন। সেই মতো এবার পদক্ষেপও হল। রাজ্যের মোট আটটি অস্বীকৃত রাজনৈতিক দলকে শোকজ করতে চলেছে কমিশন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিল্লি থেকে নির্দেশিকা এসেছে। এই দলগুলির মধ্যে রয়েছে অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি, বঞ্চিত স্বরাজ পার্টি, বাংলা বিকাশবাদী কংগ্রেস, ডেমোক্র্যাটিক সোশালিস্ট পার্টি (প্রবোধচন্দ্র), ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেস, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক এবং মূল নিবাসী পার্টি অব ইন্ডিয়া। 

Advertisement

ঘটনা হল, রাজনৈতিক দল হিসেবে কমিশনের কাছে এই দলগুলি রেজিস্টার্ড থাকলেও কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে এই দলগুলির কোনও অস্তিত্ব খুঁজে পায়নি কমিশন। এমনকী, ২০১৯ সাল বা তার পরের কোনও নির্বাচনে এই দলগুলি অংশও নেয়নি। একাধিকবার তাদের রেজিস্টার্ড অফিস বা ঠিকানা এবং ফোন নম্বরে কমিশনের তরফে যোগাযোগ করা হলেও তারা কোনও উত্তর দেয়নি। যে কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অবিলম্বে ওই দলগুলিকে শোকজের নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু তাদের কোনও অস্তিত্ব কমিশন খুঁজে পায়নি, তাই শোকজের জবাব দিয়ে দলগুলিকে জানাতে হবে, কেন তাদের রেজিস্টার্ড রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেওয়া হবে না। শীঘ্রই ওই দলগুলিকে শোকজের নোটিস পাঠানো হবে বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে।
প্রথম পর্যায়ে এই আটটি রাজনৈতিক দলকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পরবর্তীকালে আরও কয়েকটি অস্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ