তোলাবাজির অভিযোগ, 'মহাচোর' সম্বোধন করে বাসস্ট্যাণ্ডে পড়ল পোস্টার
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৩:৩৩
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: তোলাবাজির অভিযোগ তুলে বাসস্ট্যাণ্ডে পড়ল পোস্টার। আজ, শনিবার সাতসকালেই এই পোস্টারকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাসস্ট্যাণ্ডের একাধিক জায়গায় এই পোস্টার সাঁটানো হয়েছে। তৃণমূল সমর্থিত বাস কর্মচারী সংগঠনের একাধিক ব্যক্তির ছবি দিয়ে পোস্টারে তাঁদের 'মহাচোর' সম্বোধন করা হয়েছে। সেখানে এক সাংবাদিকের নামও রয়েছে বলে জানা গিয়েছে! পোস্টারে নেতাদের ছবির তলায় লেখা রয়েছে, ২০০৪-০৫ সাল থেকে ২০২৬ এই ২২ বছরে কাটোয়া বাসস্ট্যাণ্ডের সন্ত্রাসী তোলাবাজরা। ওই বাস কর্মচারী সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র সেন ওরফে নাড়ুর নাম ছবি দেওয়া হয়েছে।  সহ-সভাপতি হিসেবে সমীর হাজরা ওরফে শম্ভু হাজরার নাম ও ছবি রয়েছে। শহরের এক সাংবাদিকের ছবি এবং নামও এই তালিকায় রয়েছে। ওই সাংবাদিক তৃণমূল সংগঠনের সম্পাদক পদে ছিলেন বলে লেখা রয়েছে। কোষাধক্ষ্য আশীষ দত্ত ওরফে লাল্টুর নাম-ছবি রয়েছে। পোস্টারের শেষে লেখা রয়েছে এই পাঁচজন মহাচোর। বাসস্ট্যাণ্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও তোলা হয়েছে পোস্টারে। পাশাপাশি হিসাব করে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে এমন দাবিও জানানো হয়েছে। একটা চোরকেও আমরা ছাড়ব না বলে উল্লেখ করা হয়েছে এই পোস্টারে। ইতিমধ্যেই নারায়ণ চন্দ্র সেন আর্থিক কেলেঙ্কারি মামলায় জেল খেটেছেন। তবে এখন অবশ্য তিনি জামিনে মুক্ত রয়েছেন। 

Advertisement

কিন্তু কে বা কারা এমন পোস্টার সাঁটিয়েছে তা অবশ্য জানা যায়নি। ঘটনায় বিএমএস নেতা মৃণাল দাস বলেন, পোস্টার কারা দিয়েছে জানি না। তবে এটা মানতেই হবে যে তাঁদের প্রতিভা রয়েছে। চোরেদের চিহ্নিত করে জনসমক্ষে তাঁদের চিনিয়ে দেওয়া হয়েছে। বাসস্ট্যাণ্ডের কোটি কোটি টাকা লুট করা হয়েছে। গরীব বাস কর্মীদের কাছে চাঁদার নাম করে তোলাবাজি চালিয়েছে অভিযুক্ত পাঁচজন। তবে ভাবতে অবাক লাগে এরমধ্যে একজন সাংবাদিকও রয়েছেন! তিনি আবার ওই সংগঠনের সম্পাদকের পদেও ছিলেন। আমরা সমস্ত প্রমাণ পেয়ে গিয়েছি। শীঘ্রই আইনের দ্বারস্থ হব। এদিকে এই ঘটনায় নারায়ণ চন্দ্র সেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি খুবই অসুস্থ। পোস্টারের বিষয়ে কিছুই জানি না। আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।