নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোলে ছিল নিজের নাতি। তবু রটে গেল, বৃদ্ধা নাকি ‘শিশুচোর’। সেই গুজবের জেরেই হাবড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক বৃদ্ধাকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মহিলার বিরুদ্ধে। আর ভাইরাল সেই ভিডিয়োকে ঘিরে বিতর্কের জেরে নড়েচড়ে বসে রেলপুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার ১১ নম্বর ওয়ার্ডের নগরথুবা শিমুলতলার বাসিন্দা সারথি বাড়ৈ রবিবার নাতিকে কোলে নিয়ে শিয়ালদহগামী ট্রেনের অপেক্ষায় ছিলেন। সেই সময় কয়েকজন মহিলা এসে দাবি করেন, সারথির কোলে থাকা শিশুটি চুরি করা। সারথি বারবার তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে, শিশুটি তাঁর মেয়ের। কিন্তু কে শোনে কার কথা! অভিযোগ, কথা না শুনেই চুলের মুঠি ধরে তাঁকে মারধর করা হয়। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সোমবার। অভিযোগ, ঘটনার সময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন রেলপুলিশের এক কনস্টেবল। কিন্তু আক্রান্তকে উদ্ধার বা হামলাকারীদের আটকানোর কোনও উদ্যোগ তিনি নেননি। উল্টে কয়েকজন মোবাইলে ঘটনার লাইভ সম্প্রচার করেন এবং প্রবীণাকে ‘শিশুচোর’ বলে সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে দেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর হাবড়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা। হাবড়ার নাগরিক সমাজও বিষয়টি নিয়ে রেল পুলিশে অভিযোগ জানায়। এরপর তদন্তে নামে বনগাঁ জিআরপি। ভিডিয়োর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিংকি শিকদার নামে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বনগাঁ জিআরপির দাবি, ভিডিয়ো ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে ঘটনায় জড়িত প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।