নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ডিভিশনে ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধির লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ করল পূর্ব রেল। ট্রেন পরিচালন ব্যবস্থাকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলতে মাল্টি-সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার ব্যবহার করে ডুয়াল ডিটেকশন ব্যবস্থা চালু করা হয়েছে। এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ট্রেনের চাকা গণনা করে রেললাইন ফাঁকা রয়েছে নাকি রেক রয়েছে তা নিশ্চিত করা যাবে। সমান্তরালভাবে দুটি স্বাধীন চিহ্নিতকরণ ব্যবস্থা পরিচালনার ফলে সর্বোচ্চ যাত্রী সুরক্ষায় নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল সুনিশ্চিত করা যাবে।
হাওড়া–বর্ধমান কর্ড লাইনের পাল্লা রোড এবং শক্তিগড়ের মধ্যে ১৯টি চিহ্নিতকরণ পয়েন্ট ব্যবহার করে ১০টি ট্র্যাক সেকশন জুড়ে বিদ্যমান মেধা মাল্টি-সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার চালু করা হয়েছে। পাশাপাশি একটি নতুন ফ্রশার মাল্টি-সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার কাজ করছে। ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। যার ফলে ইন্টারলকিং এবং সিগন্যালে তথ্য সরবরাহ হবে। যেখানে ফ্রশার ব্যবস্থাটি একটি পৃথক কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল রুট (শক্তিগড়ের দিকে আপ লাইন, পাল্লা রোডের দিকে ডাউন লাইন) ব্যবহার করে, যাতে একটি কেবল কেটে গেলেও দুটি ব্যবস্থা একসঙ্গে অচল হয়ে না পড়ে। বাকি সেকশনগুলিতে এই ব্যবস্থা লাগুর আগে তার কার্যকারিতা ও ত্রুটিবিচ্যুতি মূল্যায়ন করা হবে। যাত্রীবান্ধব এই নয়া কারিগরি পদক্ষেপে ট্রেন লেট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমবে। যদি একটি ডিটেকশন ব্যবস্থা বিকল হয়ে যায়, তবে সমান্তরাল ব্যাকআপ ব্যবস্থা কোনোরকম ট্রেন আটকে থাকা, ম্যানুয়াল অপারেশন বা পেপার লাইন-ক্লিয়ারের বিলম্ব ছাড়াই ট্রেন চলাচল সচল রাখে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির কথায়, এই ডুয়াল-ডিটেকশন আধুনিকীকরণ যাত্রীদের ত্রুটিমুক্ত নিরাপদ এবং সময়ানুবর্তী ট্রেন যাত্রাকে নিশ্চিত করবে।



