নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহালয়ার ভোর। শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। গঙ্গার ঘাটে তর্পণের ভিড়। সবার মনেই পুজোর ঢাক বাজছে। আর উৎসবের মঞ্চেই সোমবার ঘরোয়া লিগ জয়ের সোনার সুযোগ ইস্ট বেঙ্গলের সামনে। ঘরের মাঠে সায়ন- বিষ্ণুদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। ১ পয়েন্ট পেলেই খেতাব নিশ্চিত। লাল-হলুদের কেরালাইট কোচ বিনো জর্জ তবুও সতর্ক। ম্যাচের আগের দিন তাঁর মন্তব্য, ‘ড্রয়ের মানসিকতা নিয়ে নামলে ডুবতে হবে। ৩ পয়েন্টই চাই।’
আদালতের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্ট বেঙ্গলকে গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আইএফএ। অর্থাৎ তিনদিনের মধ্যে দু’বার খেতাব জয়ের সুযোগ বিনোর দলের সামনে। শুধু তাই নয়। সোমবার ম্যাচের আগেই ৪০তম লিগ ট্রফি ঢুকে পড়বে ইস্ট বেঙ্গলের ট্রফি ক্যাবিনেটে। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ট্রফি তুলে দেবেন ট্রফি। তবে মাঠের বাইরে নজর দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। বরং আক্রমণাত্মক ফুটবলে কাজ হাসিল করাই লক্ষ্য। কার্ড সমস্যায় চাকু মাণ্ডি নেই। তাঁর পরিবর্তে খেলবেন মনোতোষ চাকলাদার। গোলমেশিন জেসন টিকে আগের চেয়ে অনেক ফিট। ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে খেলা ঘুরিয়েছিলেন তিনি।
সুপার সিক্সে ২ ম্যাচে ৬ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। সমসংখ্যক ম্যাচে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টসের সংগ্রহ ৪ পয়েন্ট। জেতা ছাড়া তাদের উপায় নেই। কোচ লালকমল ভৌমিক বহু যুদ্ধের ঘোড়া। একবার ডার্বিতে তাঁর দুটো কর্নার থেকে জাল কাঁপিয়ে সব হিসেব গোলমাল করে দিয়েছিলেন লালম পুইয়া। কোচ লাল এবারও লাল-হলুদকে গুলিয়ে দিতে চান।
ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।