Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল

সফলভাবে ঘরোয়া লিগের ডার্বি আয়োজন করে তাক লাগিয়েছে কল্যাণী

কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল
  • ৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সফলভাবে ঘরোয়া লিগের ডার্বি আয়োজন করে তাক লাগিয়েছে কল্যাণী। সেই শিল্পশহরেই এবার ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের উদ্বোধন। আগামী ৮ অক্টোবর কল্যাণীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ শ্রীনিধি এফসি। ম্যাচ শুরু বিকেল তিনটেয়। পরদিন কিশোর ভারতী স্টেডিয়ামে নামছে মোহন বাগান। হোসে মোলিনা ব্রিগেডকে চ্যালেঞ্জ জানাতে তৈরি গোকুলাম কেরল। মোট ছয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই শীর্ষ দল খেতাবি লড়াইয়ে মাঠে নামবে। উল্লেখ্য, আইএফএ শিল্ডের ফাইনাল ১৮ অক্টোবর।

Advertisement

শিল্ডকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে লাল-হলুদ ব্রিগেড। ভিসার অপেক্ষায় জাপানি স্ট্রাইকার হিরোশি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কলকাতায় আসছেন তিনি। বাকিরা তৈরি। কোচ অস্কারের বড় পরীক্ষা আইএফএ শিল্ড। কোচের পরামর্শ মেনেই দল গড়েছে ম্যানেজমেন্ট। তবে ডুরান্ড কাপে প্রত্যাশাপূরণে ব্যর্থ ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। অপ্রত্যাশিতভাবে ডায়মন্ডহারবার এফসি’র কাছে হেরে ছিটকে যান মিগুয়েলরা। পাশাপাশি মরক্কান স্ট্রাইকার হামিদের পারফরম্যান্সও নজরে থাকবে। গ্রিসের দিয়ামানতাকোসকে ইতিমধ্যেই রিলিজ করেছে ইস্ট বেঙ্গল। আপাতত হামিদই একমাত্র বিদেশি স্ট্রাইকার। গত কয়েকদিন রাজারহাটের সেন্টার অব এক্সিলেন্সে প্রস্তুতি সারছেন অস্কার। জাতীয় শিবিরে যোগ দিয়েছেন আনোয়ার ও নাওরেম মহেশ। শিল্ডের প্রথম দুই ম্যাচে তাদের পাবে না ইস্ট বেঙ্গল। 
এদিকে, সোমবার অনুশীলনে নামছে মোহন বাগান। এসিএল টু-এর ম্যাচ খেলতে ইরান যায়নি সবুজ-মেরুন ব্রিগেড। বলা হচ্ছে, নিরাপত্তার অভাবেই এমন সিদ্ধান্ত! যদিও ম্যানেজমেন্টের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন সমর্থকরা। সোশ্যাল সাইটে চলছে সমালোচনা। এই অবস্থায় কার্যত বারুদের স্তুপে বসে কামিংস, ম্যাকলারেনরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ