Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিয়ামানতাকোসকে ছাড়ল ইস্ট বেঙ্গল

গত ১৭ আগস্ট তাঁর জোড়া গোলেই ডুরান্ড কাপের ডার্বিতে মোহন বাগানকে হারায় ইস্ট বেঙ্গল। দু’সপ্তাহ কাটতে না কাটতেই লাল-হলুদ জার্সিতে প্রাক্তন হয়ে গেলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস।

দিয়ামানতাকোসকে ছাড়ল ইস্ট বেঙ্গল
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৭ আগস্ট তাঁর জোড়া গোলেই ডুরান্ড কাপের ডার্বিতে মোহন বাগানকে হারায় ইস্ট বেঙ্গল। দু’সপ্তাহ কাটতে না কাটতেই লাল-হলুদ জার্সিতে প্রাক্তন হয়ে গেলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। সোমবার দুপুরে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ‘পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দল ছাড়লেন দিমিত্রিয়স। লাল-হলুদ জার্সিতে তাঁর অবদানের জন্য ধন্যবাদ।’ আসলে ডিসেম্বরের আগে আইএসএল শুরুর কোনও সম্ভাবনা নেই। এই কয়েকমাস তাঁকে বসিয়ে বেতন গুনতে চায়নি টিম ম্যানেজমেন্ট। খরচা বাঁচাতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, গত মরশুমে চোট পাওয়া মাদি তালাল ও চূড়ান্ত অফ ফর্মে থাকা নন্দ কুমারকেও ছেড়ে দিতে পারে ইস্ট বেঙ্গল। সূত্রের খবর, দিয়ামানতাকোসের পরিবর্তে লাতিন আমেরিকায় খেলা স্ট্রাইকারকে নেওয়ার ভাবনা ইস্ট বেঙ্গলের। ইতিমধ্যেই বেশ কয়েকজনের তালিকা তৈরি করেছেন কোচ অস্কার। তবে আইএসএলের দিন চূড়ান্ত হওয়ার পরই নতুন বিদেশি সই নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।  

Advertisement

কেরল ব্লাস্টার্স থেকে গত মরশুমে ইস্ট বেঙ্গলে যোগ দেন দিয়ামানতাকোস। সমর্থকদের প্রত্যাশা উস্কে লাল-হলুদ জার্সি গায়ে চাপালেও, নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি। গত মরশুমে আইএসএলে ১৯ ম্যাচে তাঁর নামের পাশে ছিল মাত্র চারটি গোল। তাই একটা সময় তাঁকে রিলিজ করার কথা ভাবছিল টিম ম্যানেজমেন্ট। তবে বাধ সাধে দীর্ঘমেয়াদি চুক্তি। বাধ্য হয়ে তাঁকে রেখেই নতুন মরশুমের পরিকল্পনা শুরু করেন কোচ অস্কার। কিন্তু ডুরান্ড কাপে ডার্বিতে গোল পেলেও, বাকি ম্যাচগুলিতে মোটেও ভরসা জোগাতে পারেননি দিমি। এমনকী, কোচ অস্কারের সঙ্গেও শুরু হয় মনোমালিন্য। আপফ্রন্টে হামিদ আহদাদই হতে চলেছেন এবার লাল-হলুদ কোচের প্রধান অস্ত্র। এদিকে, দিয়ামানতাকোসকে ছাড়ার কথা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারেন ক্লাব কর্তারা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি তাঁদের  জানানোর প্রয়োজনটুকুও বোধ করেনি বিনিয়োগকারী সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ