নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা ফুটবলে ভারতের মুখ উজ্জ্বল করল ইস্ট বেঙ্গল। এশিয়ান ওমেন চ্যাম্পিয়নশিপের মূলপর্বে পা রাখল লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। রবিবার হংকংয়ের কিচি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। এর সুবাদে দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রপ-ই’র শীর্ষে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করল তারা। এদিন কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকে দাপট দেখায় লাল-হলুদ শিবির। ৯ মিনিটে সঙ্গীতা বাসফোরের লক্ষ্যভেদে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। তবে লিড ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে হো এম এম সমতায় ফেরান কিচিকে। বাকি সময় দুর্গ অটুট রাখে মশাল বাহিনী।



