৫০ দিনে আয়  ১৫ লক্ষ!
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডেডলাইনের চাপ, একের পর এক লেকচার আর প্রথম চাকরির খোঁজ— এ নিয়েই দিন কাটে কলেজ পড়ুয়াদের। তবে অনন্যা আগরওয়াল ব্যতিক্রমী। মাত্র ৫০ দিনে ১৫ লাখ টাকা উপার্জন করেছেন ২১ বছর বয়সি ম্যানেজমেন্ট স্টাডিজের তৃতীয় বর্ষের ছাত্রী। গুরুগ্রামে একটি কাফে শুরু করেছেন অনন্যা। ইচ্ছাশক্তি আর সাহসিকতার জোরে সেই কাফে থেকেই নজরকাড়া উপার্জন তাঁর। কলেজের অ্যাসাইনমেন্ট, পড়াশোনার ফাঁকে ব্যবসা সহজ নয়। তা সত্ত্বেও সেই কঠিন পথে হেঁটে সাফল্য পেয়েছেন অনন্যা। 

Advertisement

সাধারণত কলেজের শেষ বর্ষের পড়ুয়াদের চিন্তা থাকে পরীক্ষা, ভবিষ্যতের চাকরি বা উচ্চশিক্ষা নিয়ে। অনন্যার জীবনেও সেই ব্যস্ততা রয়েছে। কিন্তু নিজের স্বপ্নপূরণের জন্য কেবল ডিগ্রি অর্জনের অপেক্ষায় বসে থাকেননি তিনি। পড়াশোনার পাশাপাশি উদ্যোগী হয়েছেন নিজের জন্য কিছু করার। শুরু করেছেন ব্যবসা। গুরুগ্রামে তৈরি করেছেন নিরামিষ খাবারের কাফে। তাঁর কাফে লুম অ্যান্ড লাইম-এর বিশেষত্ব খাবারের বৈচিত্রে। ইতালীয়, মেক্সিকানের মতো একাধিক ক্যুইজিন পাবেন এখানে। নিরামিষ খাবারের মধ্যেও যে নানা ধরনের স্বাদ ও নতুনত্ব নিয়ে আসা সম্ভব, সেই ভাবনাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের খাদ্যরুচির কথা মাথায় রেখেই সাজানো হয়েছে কাফের মেনু। তবে একটি ব্যবসা শুরু করা যতটা কঠিন, সেটিকে নিয়মিত পরিচালনা করা তার চেয়েও বেশি চ্যালেঞ্জের। অনন্যাকে প্রতিদিন সামলাতে হচ্ছে দু’দিকের দায়িত্ব। একদিকে কলেজের অ্যাটেনডেন্স, ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা, অন্যদিকে কাফের দৈনন্দিন কাজকর্ম। খাবারের মান বজায় রাখা থেকে শুরু করে ব্যবসার বিভিন্ন দিকের খোঁজ রাখা— সবকিছুর মধ্যেই বাঁচার রসদ খুঁজে নেন অনন্যা। প্রথম ৫০ দিনে ১৫ লক্ষ টাকার আয় এই উদ্যোগকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অল্প বয়সে ব্যবসায়িক দুনিয়ায় এমন পদক্ষেপ নিঃসন্দেহে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার। বিশেষ করে যে মেয়েরা নিজেদের উদ্যোগে কিছু করতে চান, তাঁদের কাছে অনন্যার এই জার্নি একটি ইতিবাচক বার্তা। তবে এই সাফল্যের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কেবল উপার্জনের অঙ্ক নয়। বরং পড়াশোনা এবং পেশাগত স্বপ্নকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা। অনেক সময় পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত নিজের পছন্দের কাজ শুরু করার সাহস পান না তরুণ-তরুণীরা। অনন্যা দেখিয়েছেন, পরিকল্পনা, পরিশ্রম এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা থাকলে ছাত্রজীবনেও শুরু করা সম্ভব। অনন্যার সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। তবু তাঁর গল্প মনে করিয়ে দেয়, স্বপ্নপূরণের জন্য বয়স সবসময় বাধা হয়ে দাঁড়ায় না। নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করার সাহস থাকলে কলেজের ক্লাসরুম আর ব্যবসার দুনিয়া— দুই ক্ষেত্রেই জায়গা করে নেওয়া যায়।