নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে জলপাইগুড়িতে তৈরি হল অভিনব দুর্গা প্রতিমা। শহরের শিরীষতলার বাসিন্দা সদ্য আইন পাশ করা কুণাল বিশ্বাস ওই মূর্তি বানিয়েছেন। মণিপুরী শিল্পের আদলে প্রতিমাটি তৈরি করেছেন তিনি। ক্যান্সারের বিরুদ্ধে বার্তা দিতেই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন কুণাল।
তিনি বলেন, এখনও এমন অনেক জায়গা রয়েছে, যেখানে ক্যান্সার রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। ধীরে ধীরে ওই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু উন্নত চিকিৎসা বিজ্ঞান এবং ওষুধের সাহায্যে ক্যান্সারের মতো কঠিন অসুখের হাত থেকেও যে মুক্তি পাওয়া যায়, সেই বার্তা দিতেই আমি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছি। সেইসঙ্গে প্রত্যন্ত এলাকায় যাতে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যায়, সেই আর্জিও রাখা হয়েছে আমার শিল্পের মাধ্যমে।
দু’ফুট উচ্চতার ওই প্রতিমা তৈরির কাজে ট্যাবলেট, ক্যাপসুল ছাড়াও ব্যবহার করা হয়েছে কাগজের গ্লাস, প্লেট। শিল্পীর ইচ্ছে, জলপাইগুড়ির কোনও বারোয়ারি পুজোর মণ্ডপে স্থান পাক তাঁর তৈরি এই অভিনব দুর্গা। এর আগে সাবান দিয়ে দেড় ফুট উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়েছিলেন কুণাল। তখন তিনি আইনের ছাত্র ছিলেন। তাঁর তৈরি ওই দুর্গা মূর্তি শহরে সাড়া ফেলেছিল। তারও আগে তিনি কাগজের দুর্গা প্রতিমা বানিয়েছিলেন। তাঁর একাজে বাবা-মা ও দিদি অনুপ্রেরণা জোগান।
কুণালের জলপাইগুড়ির শিরীষতলার বাড়িতে বিগত বছরগুলিতে তৈরি করা দুর্গাপ্রতিমাগুলি সযত্নে রাখা রয়েছে। তাঁর শিল্পকর্ম নিয়ে ভবিষ্যতে প্রদর্শনী করারও ইচ্ছে রয়েছে কুণালের। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে প্রতিমা বানাচ্ছেন কুণাল বিশ্বাস। - নিজস্ব চিত্র।