নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে কোনো দোকানে বিক্রি করা যাবে না তামাকজাত সামগ্রী। বিড়ি, সিগারেট, গুটখা থেকে শুরু করে খৈনি—সব ধরনের তামাকজাত দ্রব্য বিক্রির উপর রয়েছে নিষেধাজ্ঞা। আর সেই নিয়ম কার্যকর করতে বৃহস্পতিবার বারাসত শহরের বিভিন্ন স্কুল-কলেজ সংলগ্ন দোকানে অভিযান চালাল প্রশাসন। বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালানো হয়। যে দোকানে তামাকজাত সামগ্রী বিক্রি হতে দেখা গিয়েছে, প্রাথমিকভাবে তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। শুধু জরিমানা করেই থেমে থাকতে চাইছে না প্রশাসন। আগামী দিনে সেই দোকানগুলিতে আচমকা পরিদর্শন চালানো হবে। ফের একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এমনকি তামাকজাত দ্রব্য বিক্রি কিংবা তার বিজ্ঞাপন করার অভিযোগ প্রমাণিত হলে দোকান সিল করে দেওয়ার মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে। টোবাকো কন্ট্রোল বোর্ডের অফিসার প্রীতি বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ ফুটের মধ্যে কোনো তামাকজাত সামগ্রী বিক্রি করা যাবে না। আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও। অভিভাবক সমীর বায়েন ও সাইফুদ্দিন মোল্লার বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ হওয়া অত্যন্ত জরুরি। স্কুলপড়ুয়াদের সামনে এই ধরনের সামগ্রী সহজে পাওয়া গেলে তাদের মধ্যে নেশার প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি।



