Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রিকসের মার্কিন-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলেই চাপবে অতিরিক্ত শুল্ক, স্পষ্ট হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলন চলাকালেই ফের হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। সাফ জানিয়েছেন, যে সমস্ত দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপরে ১০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হবে।

ব্রিকসের মার্কিন-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলেই চাপবে অতিরিক্ত শুল্ক, স্পষ্ট হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭

ওয়াশিংটন: ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলন চলাকালেই ফের হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। সাফ জানিয়েছেন, যে সমস্ত দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপরে ১০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হবে। জানা গিয়েছে, নাম না করেই আমেরিকার শুল্কনীতির সমালোচনায় সরব হয়েছিল ব্রিকস গোষ্ঠী। তার পরেই ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরেই সরব হয়েছে চীন। সোমবার বেজিং জানিয়েছে, ব্রিকসের সঙ্গে বিরোধ কোনওভাবেই কাম্য নয়। আর এই গোষ্ঠী অন্য কোনও দেশকে নিশানাও করে না। উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন সহ অন্যান্য কিছু দেশকে নিয়ে গঠিত ব্রিকস।  এদিকে, সোমবার থেকেই বিভিন্ন দেশকে পাল্টা শুল্ক সংক্রান্ত চিঠি পাঠাতে শুরু করবে আমেরিকা। যে সব দেশের সঙ্গে ৯ জুলাই ডেডলাইনের আগে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি, তাদের ট্রাম্প প্রশাসন চিঠি পাঠাতে শুরু করেছে বলে খবর। জাপান ও দক্ষিণ কোরিয়াকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। তবে  এই তালিকায় ভারতের নাম থাকবে কি না তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

Advertisement

রবিবার রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে যে দেশ যুক্ত থাকবে তাদের উপর আরও ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। কাউকে কোনও ছাড় দেওয়া হবে না।’ এর পাল্টা হিসেবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক বৈঠকে জানান, ব্রিকস সকলের সঙ্গে  সহযোগিতা করে। এই গোষ্ঠী কোনও দেশের সঙ্গে সংঘাত বা কাউকে নিশানা করতে চায় না। শুল্ক বৃদ্ধি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি প্রসঙ্গে চীন নিজের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে বলেও জানান তিনি।
সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পৃথক একটি পোস্টে ট্রাম্প সোমবার থেকেই বিভিন্ন দেশকে শুল্ক বিষয়ক চিঠি পাঠানোর কথা জানান।  তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার দুপুর ১২টা (আমেরিকার ইস্টার্ন টাইম জোন অনুযায়ী) থেকে বিশ্বের বিভিন্ন দেশকে শুল্ক বা চুক্তির চিঠি পাঠাতে চলেছে।’ এর আগে ৯০ দিনের জন্য নয়া শুল্কনীতি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সূত্রের খবর, সেই মেয়াদ শেষ হওয়ার আগেই বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা সেরে ফেলেছে আমেরিকা। এই পরিস্থিতিতে এবার অন্যান্য দেশকে চিঠি পাঠানোর কথা জানালেন ট্রাম্প।  ছবি:পিটিআই

সম্পর্কিত সংবাদ