নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগই বাংলার ফুটবলের সাপ্লাইলাইন। অতীতের সেই রমরমা না থাকলেও এই প্রতিযোগিতার জন্য বাঙালির আলাদা আবেগ রয়েছে। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জালি স্টেডিয়ামে শুরু হচ্ছে ঘরোয়া লিগ। প্রথম ম্যাচে কালীঘাট এমএসের প্রতিপক্ষ বিএসএস। ম্যাচ শুরু সন্ধ্যা ৭-১৫ মিনিটে। খেলার আগে জমকালো উদ্বোধনের পরিকল্পনা সারা। চেষ্টার ত্রুটি নেই আইএফএ’র। সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো’র পরিকল্পনাও রয়েছে। বড় দলের মধ্যে প্রথম মাঠে নামছে ইস্ট বেঙ্গল। শুক্রবার নৈহাটিতেই তাদের প্রতিপক্ষ মেসারার্স। অন্যদিকে, ২৯ জুন মহমেডান স্পোর্টিং খেলবে পিয়ারলেসের বিরুদ্ধে। ম্যাচ হবে বারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে। পরদিন মাঠে নামছে মোহন বাগান। নৈহাটিতে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ পুলিস এসি। সবমিলিয়ে ঘরোয়া ফুটবলের ঢাকে কাঠি পড়ছে বুধবারই।



