নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ইলিশ সংরক্ষণ নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হল ডায়মন্ডহারবারে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সহ মৎস্য অধিকর্তার অফিসের তরফে সুলতানাপুর বন্দরে এটির ব্যবস্থা করা হয়। সেখানে ছোট ইলিশ মাছ ধরা থেকে কোন জাল দিয়ে এই মাছ ধরতে হবে সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু মৎস্যজীবীও। তাঁদের বোঝানো হয় যে, খোকা ইলিশ ধরলে আদতে লোকসান মৎস্যজীবীদেরই। কোন সময়ে ইলিশ একদমই ধরা যাবে না, সেটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। বক্তারা বলেন, প্রতি বছর ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পূর্ণিমার পাঁচ দিন আগে ও পরে কোনোভাবে এই মাছ ধরা যাবে না। ইলিশ মাছের প্রজনন ও তার বংশবৃদ্ধি করার জন্য মানতে হবে নানা বিধিনিষেধও।



