দুর্গাপুর, ২৭ নভেম্বর: ৫০০ শয্যার সুবিধা-সহ চিকিৎসায় আরও উন্নত পরিষেবা। দুর্গাপুরে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়। এছাড়াও ছিলেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস, সুমনা সরকার-সহ আরও অনেকেই।
৫০০ শয্যার পাশাপাশি পরবর্তীতে আরও ৫০০ বেডের সুবিধা থাকছে এই হাসপাতালে। মাত্র ৩৬ মাসের মধ্যেই এই হাসপাতাল তৈরির কাজ শেষ হবে বলেও জানান বিশিষ্ট চিকিৎসক তথা হাসপাতালের ফাউন্ডার ও চেয়ারম্যান সত্যজিৎ বোস। তিনি আরও বলেন, ‘২০০৮ সালে কলকাতার বাইরে কোনো বেসরকারি হাসপাতাল ছিল না, সেই থেকে এই পথচলা শুরু। তাই এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এখানে সবস্তরের মানুষ পরিষেবা পাবেন।’ এছাড়াও তিনি দাবি করেন, এই হাসপাতালের ফলে বহু কর্মসংস্থানও হবে সেখানে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি অনুষ্ঠান থেকে ৪ জেলায় মেডিকেল কলেজ হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রথমে ৫০০ বেড থাকবে এই হাসপাতালে, পরে যেহেতু আরও ৫০০ বেডের সুবিধা মিলবে, পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য বিরাট সুযোগ—বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও বলেন, এই জেলাকে আরও সাজাতে হবে।
রাজ্যের প্রাক্তন সরকারকেও তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে এরাজ্যের মানুষ চিকিৎসার জন্য রাঁচি, জামশেদপুর, ধানবাদ যেত।’ এছাড়াও রোগীদের জন্য ডায়েটের বরাদ্দ নিয়েও মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ করেন রাজ্যের পূর্বতন সরকারকে। শুভেন্দু বলেন, ‘আগের সরকার তিনবেলা ডায়েটের জন্য ৫৬ টাকা দিত। এটা সম্ভব? শেষ ২০১৭ সালে বরাদ্দ বাড়ানো হয়। সাংসদ, মন্ত্রীদের, বিধায়কদের বেতন বেড়েছে কিন্তু ডায়েটের বরাদ্দ বাড়েনি। আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বরাদ্দ ডবল করে দিয়েছি, এখন প্রতিদিন প্রায় ১১০ টাকা।’
এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৭০০ হাসপাতালে সুবিধা পাওয়া যেত। বর্তমানে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী হেলথ স্কিমে ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে সুবিধা পাবেন। এটাই আসল পরিবর্তন।’ এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে ৪৬৭ জনৌষধি কেন্দ্র চালু করার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। মার্চের মধ্যেই সেই কাজ শেষ হবে বলেও জানালেন তিনি।



