Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণ পরিষেবা চালুর দাবি

কুমারগ্রাম ব্লকের বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিবারাত্র পরিষেবা চালুর দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি

বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণ পরিষেবা চালুর দাবি
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিবারাত্র পরিষেবা চালুর দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। ফলে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়। মেলে শুধু প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয় না। যদিও কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, শুধু বারোবিশা নয়, কুমারগ্রাম বিধানসভা এলাকার স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে পড়েছে, তা নিয়ে বিধানসভায় সরব হয়েছি। বিষয়টি নিয়ে ফের বিধানসভায় আওয়াজ তুলব। 

Advertisement

বর্তমানে বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে। এখানে একজন করে অ্যালোপ্যাথি চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্ট রয়েছেন। শুধুমাত্র দিনের বেলা কোনওরকমে প্রাথমিক চিকিৎসা মেলে। অন্য সময়ে দুর্ঘটনা বা কেউ অসুস্থ হলে বারোবিশার বাসিন্দাদের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল কিংবা পার্শ্ববর্তী কোচবিহার জেলার রামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করতে হয়। 
বারোবিশার বাসিন্দা মণিশঙ্কর পাল বলেন, রাতে আমাদের এই এলাকার কেউ অসুস্থ হলে কিংবা কোনও দুর্ঘটনা ঘটলে বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা মেলে না। দীর্ঘদিন থেকে দেখে আসছি, এখানে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে। কখনও সেই পরিষেবা ঠিকঠাক পাওয়া যায় না। অবিলম্বে বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করে এখানে দিবারাত্র পরিষেবা চালু করা হোক। এতে বারোবিশা ও বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে। এলাকার বাসিন্দা তথা স্কুল শিক্ষক বিপ্লব দে বলেন, বারোবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র আউটডোর পরিষেবা রয়েছে। বাড়ির কেউ অসুস্থ হলে, আমাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ হাসপাতাল করা হোক। কুমারগ্রামের বিএমওএইচ ডাঃ সৌম্য গায়েন বলেন, বারোবিশায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দু’জন চিকিৎসক সহ মোট চারজন স্টাফ রয়েছেন। পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরির দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ