নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের ঘটনায় প্রায় ১১ বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার এই সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। সাজাপ্রাপ্তের নাম রুনাস দর্জি।
মামলার সরকারি আইনজীবী তপন ভট্টাচার্য জানান, নিহত যুবকের নাম প্রেমচাঁদ লোহার (২১)। তিনি বানারহাট থানার চামুর্চি ফরেস্ট বস্তি এলাকার বাসিন্দা ছিলেন। ২০১৫ সালের ১৫ অক্টোবর পুরনো বিবাদের জেরে প্রেমচাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থানায় খুনের মামলা দায়ের করা হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলাটি জলপাইগুড়ি জেলা আদালতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ১ আগস্ট মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়। এরপর শুক্রবার আদালত অভিযুক্ত রুনাস দর্জিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে বলে আদালত জানিয়েছে। জরিমানার টাকা অনাদায় থাকলে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দীর্ঘ ১১ বছর পর আদালতের এই রায়ে স্বস্তি মিলেছে নিহতের পরিবারে।