সংবাদদাতা, রামপুরহাট : কালীপুজোর প্রাক্কালে রামপুরহাট শহরের সানঘাটা মোড় সংলগ্ন এলাকায় একটি বিলাসবহুল হোটেলে হানা দিয়ে বড়োসড়ো জুয়ার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রামপুরহাট থানার একটি বিশাল বাহিনী আচমকাই ওই হোটেলে ঘিরে ধরে তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থল থেকে নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং একাধিক বান্ডিল তাস বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি জুয়ার আসর চালানো ও যুক্ত থাকার অভিযোগে হোটেল মালিক সহ মোট ২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রের খবর, কালীপুজোর সুযোগ নিয়ে ওই হোটেলে গভীর রাত পর্যন্ত জমজমাট জুয়ার ঠেক বসানো হয়েছিল। রামপুরহাট শহর ছাড়াও বগটুই, নলহাটি, নারায়ণপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে একাধিক লোক জুয়া খেলতে সেখানে ভিড় জমিয়েছিল। রাতে পুলিশ পুরো হোটেল চত্বর ঘিরে ফেলতেই ব্যাপক চাঞ্চল্য ও হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন পিছনের দরজা ও বারান্দা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখমও হন। তবে চটজলদি পদক্ষেপ করে পুলিশ মূল অভিযুক্তদের সঙ্গে হোটেল মালিককে হাতেনাতে পাকড়াও করে।
রবিবার ধৃত ২৭ জনকেই রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। এই জুয়া চক্রের পেছনে অন্য কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃত কয়েকজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও উৎসবের দিনগুলিতে বেআইনি কার্যকলাপ রুখতে শহরজুড়ে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।



