নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘খাও, পিও, মৌজ কর—এটা ভারতীয় সংস্কৃতি নয়। এর বাইরে বেরতে হবে।’ গত বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে এই মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ওয়াকিবহাল মহলের দাবি, প্রধানমন্ত্রী আদতে বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র খেয়ে-বসে আরাম করার দিন শেষ। এবার আরও জোর দিয়ে কাজে নেমে পড়তে হবে।
গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল সংক্রান্ত চর্চা চলছে। এই আবহে বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিয়মমতো মন্ত্রী পরিষদের বৈঠকে পূর্ণমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীরাও হাজির থাকেন। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, ভারত মণ্ডপমে আয়োজিত ওই বৈঠকে বিভিন্ন মন্ত্রক এবং তার মন্ত্রীদের রিপোর্ট কার্ড খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে খবর, ওই বৈঠকে মোট ১১টি মন্ত্রক এবং কেন্দ্রীয় দপ্তরের সচিব কাজকর্ম সংক্রান্ত প্রেজেন্টেশন জমা দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মসূচির সুবিধা যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মোদি। পাশাপাশি, এদিন আদিবাসী উন্নয়ন নিয়েও দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কেন্দ্র। সেখানে হাজির ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রাজ্যের বিভিন্ন আদিবাসী প্রভাবিত জেলা ধরে ধরে রোড ম্যাপ তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র। অবিলম্বে এসংক্রান্ত কাজ শুরু করতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকারি ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। অন্যদিকে, আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।



