মুম্বই: খেলাধুলার প্রতি উসেইন বোল্টের ভালোবাসা তৈরি হয়েছিল ক্রিকেট দেখে। শুক্রবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন বিশ্বের দ্রুততম মানুষ। ওলিম্পিকসে জামাইকার হয়ে প্রতিনিধিত্ব করে জিতেছেন আটটি সোনা। এছাড়াও ১১বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তবে তাঁর বেড়ে ওঠা ক্রিকেট খেলা দেখেই। জামাইকায় জন্মে এক সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন মাইকেল হোল্ডিং, কোর্টনি ওয়ালশ, ক্রিস গেইলের মতো তারকা। তাই সেই দেশের খুদেদের শৈশব কাটে ক্রিকেটের পরিসরে। বোল্টও তার ব্যতিক্রম নন।
এদিন মুম্বইয়ের একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোল্ট। সেখানে ছাত্রদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ব্যাট হাতেও দেখা যায় বিশ্ব অ্যাথলেটিকসের অন্যতম সফল খেলোয়াড়কে। এর পরেই ওঠে বোল্টের ক্রিকেট প্রেমের প্রসঙ্গ। সেখানে তিনি বলেন, ‘ক্রিকেট আমার প্রথম ভালোবাসা। ছোট থেকে দেখতাম ক্রিকেটারদের প্র্যাকটিস। তারা খুব পরিশ্রম করত। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যোগ দিয়েছিলাম। আসলে পরিশ্রমের বিকল্প নেই। খেলোয়াড়ি জীবনে এটাই ছিল আমার মূল মন্ত্র।’ এছাড়া নীরজ চোপড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘শীর্ষে ওঠা সহজ। তবে সাফল্য ধরে রাখা খুব কঠিন। তার জন্য প্রতিনিয়ত ঘাম ঝরাতে হয়।’
২০১৭ সালে আন্তর্জাতিক আসর থেকে অবসর নেন বোল্ট। এরপর বেশ কিছুদিন তিনি শখে ফুটবল খেলেন। তবে এই মুহূর্তে খেলাধুলার ধারেকাছে নেই বিশ্বসেরা স্প্রিন্টার। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। যেখানে সিঁড়ি ভাঙতে গিয়ে তাঁকে বেশ কসরত করতেও দেখা যায়।