একটু ভিন্ন স্বাদ চান রান্নায়? উপকরণের তালিকায় যোগ করুন মধু। তিনটি পদের রেসিপি জানালেন সংহে রেস্তরাঁর শেফ শিবম পোদ্দার।
একটু ভিন্ন স্বাদ চান রান্নায়? উপকরণের তালিকায় যোগ করুন মধু। তিনটি পদের রেসিপি জানালেন সংহে রেস্তরাঁর শেফ শিবম পোদ্দার।
হানি গ্লেজড মাশরুম
উপকরণ: বাটন মাশরুম ২০০ গ্রাম, আদা ও রসুন কুচি ১ টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লাইট ও ডার্ক সয়া স্যস ১ টেবিল চামচ করে, মধু ১ চামচ, শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো, নুন পরিমাণ মতো, তেল পরিমাণ অনুযায়ী, পেঁয়াজ শাক সাজানোর জন্য।
পদ্ধতি: একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে মাশরুম, আদা রসুন ভেজে নিন। তারপর পেঁয়াজ দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন। এবার স্যস বানিয়ে নিন। তার জন্য, দু’রকম সয়া স্যস, মধু আর লঙ্কা বাটা একসঙ্গে গুলে নিন। তা পেঁয়াজের কড়াইতে দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার সব শেষে মধু দিয়ে নাড়ুন। সবটা একসঙ্গে মিশে গেলে এবং মাশরুম মশলায় নাড়াচাড়া করা হলে নামিয়ে পরিবেশন করুন।
হানি গ্লেজড ক্যারট
উপকরণ: গাজর লম্বা টুকরো করে কাটা ১ কাপ, কড়াইশুঁটি কাপ, লাইট ও ডার্ক সয়া স্যস ১ টেবিল চামচ করে, মধু ১ টেবিল চামচ, আদা-রসুন কুচি
১ চামচ করে, পেঁয়াজ কুচি ২ চামচ, শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো, নুন আন্দাজ অনুযায়ী, তেল ১ টেবিল চামচ, তিল সাজানোর জন্য।
পদ্ধতি: গাজর ও কড়াইশুঁটি একসঙ্গে ভাপিয়ে নরম করে নিন। এবার স্যস বানানোর জন্য: কড়াইতে তেল গরম করে আদা, রসুন ভেজে পেঁয়াজ ভাজুন। ভাজা ভাজা হলে দু’রকম সয়া স্যস একসঙ্গে মিশিয়ে কড়াইতে ঢালুন। সবটা একসঙ্গে মিশে গেলে নুন দিয়ে নেড়ে ভাপানো সব্জিগুলো দিয়ে দিন। সব শেষে মধু মিশিয়ে দিন। এরপর পেঁয়াজ শাক ছড়িয়ে পরিবেশন করুন।
হানি গ্লেজড টোফু
উপকরণ: কিউব করে কাটা টোফু ২০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, মিহি করে কুচানো আদা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লাইট সয়া স্যস ১ টেবিল চামচ, ডার্ক সয়া স্যস ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা স্বাদ অনু্যায়ী, লম্বা করে কাটা বিনস ভাপিয়ে নেওয়া, তিল সাজানোর জন্য, তেল পরিমাণ মতো, নুন স্বাদ মতো।
পদ্ধতি: কর্নফ্লাওয়ার, ময়দা আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তাতে টোফুগুলো কোট করে নিন। তারপর তা তেলে ভেজে নিন। সোনালি করে ভেজে বাড়তি তেল ঝরিয়ে রেখে দিন। স্যস বানানোর জন্য: একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে আদা রসুন ফোড়ন দিন। তারপর পেঁয়াজ ভেজে নিন। শুকনো লঙ্কা বেটে রাখুন। এবার ভাজা পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কা পেস্ট মিশিয়ে নিন। দু’রকম সয়া স্যস দিন। সব শেষে মধু দিয়ে সবটা একসঙ্গে নাড়ুন। এবার এই স্যসে টোফু দিয়ে ভাজুন। সবটা ভাজা হয়ে গেলে ভাপানো বিনস ও তিল ছড়িয়ে পরিবেশন করুন।