নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়ী নিখার সবলোক সম্প্রতি খুন হয়েছিলেন জামশেদপুরের এক হোটেলে। এই ঘটনার তদন্তে নেমে সিট সর্ষের মধ্যেই ভূতের সন্ধান পেয়েছে। খুনের পরিকল্পনাকারী অশোক সিং ওরফে রাঘবকে হোটেল ব্যবসায়ী নিখারের মোবাইলের টাওয়ার লোকেশন দিয়েছিল কলকাতা পুলিশেরই এক কনস্টেবল। লালবাজারে বসেই সে শুধু নিখারের অবস্থান নয়, এমন বহুজনকে টাওয়ার লোকেশন ‘বিক্রি’ করে মোটা টাকা ‘রোজগার’ করেছে বলে অভিযোগ। উল্লেখ্য, নিখার সাবলোক খুনের ঘটনার তদন্ত করছে জামশেদপুর পুলিশের সিট। তারা তদন্তে, নেমে বেলেঘাটা ট্রাফিক গার্ডের সার্জেন্ট ধৃত অয়ন গুপ্তকে জিজ্ঞাসাবাদ করেই এই কনস্টেবলের খোঁজ পেয়েছে। তবে ওই কনস্টেবলকে বাঁচাতে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে পুলিশেরই একাংশ। তাকে ‘ক্লোজ’ করা হয়েছে বলে খবর। নিখার সবলোক খুনের মূল ষড়যন্ত্রকারী অশোক সিং ওরফে রাঘবকে টাওয়ার লোকেশন পাচার করেছিল ওই সার্জেন্ট। তাকে এই কাজে সহায়তা করেছিল এই কনস্টেবল।



