নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড আইনের বিরোধিতায় এবার এককাট্টা হচ্ছে অবিজেপি রাজ্যগুলি। আগামী ১৯ ডিসেম্বর এ সংক্রান্ত বিষয়ে রাজ্যে লেবার কনক্লেভ করতে চলেছে কেরল সরকার। সেখানেই আমন্ত্রণ জানানো হবে বাকি অবিজেপি রাজ্যগুলিকেও। জানা যাচ্ছে, শ্রম কোড আইনের বিরোধিতায় ওই কনক্লেভে সম্মিলিতভাবে একটি প্রস্তাবও পাস করানো হতে পারে। সেখানে কেন্দ্রের মোদি সরকারকে এ আইন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হবে। জানা যাচ্ছে, কেরল সরকার আয়োজিত ওই সম্মেলনে সমস্ত সর্বভারতীয় শ্রমিক সংগঠনকেও আমন্ত্রণ জানানো হবে। শ্রমিক সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি আলাদাভাবে আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণাও করতে পারে। ২১ নভেম্বর রাজ্যের আপত্তিকে ধর্তব্যের মধ্যেই না এনে চার শ্রম কোড আইন দেশব্যাপী কার্যকর করেছে কেন্দ্র। তারপরই এ ইস্যুতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।



