গুয়াহাটি, ৯ নভেম্বর: সুড়ঙ্গ কাটল বাঘিনী! ৫ দিন পর ফের অসমের উদ্দেশে রওনা দিল ডুয়ার্স রানি বা বিটিআর টিএফ ১। এবার আলিপুরদুয়ারের বক্সার এনক্লোজারের ঘেরাটোপ পেরিয়ে রওনা দিয়েছে বাঘিনীটি। বনদপ্তর জানিয়েছে, বাঘিনী পালানোর কৌশলে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন তাঁরাও। জানা যাচ্ছে, এনক্লোজারের বাইরে ছিল ২ ফুট চওড়া এবং ৪ ফুট গভীর কংক্রিকেট দেওয়াল। গর্ত খুঁড়ে কংক্রিটের নীচে থাকা মাটি খুঁড়ে ফেলে বাঘিনী। সুরক্ষা বলয় ভেদ করে বেরিয়ে এসে প্রথমে বালা নদী পার করে সে। এরপর পৌঁছে যায় ২৭ মাইল বনবস্তির কাছে। এভাবে বাঘিনী পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন বনদপ্তরের কর্তারাও। তাঁদের ধারণা, অসমের জঙ্গলে থাকাকালীন কোনও পুরুষ বাঘের সঙ্গে মেলামেশা করে সে। এরপর তারই গন্ধ অনুসরণ করে সে ফের অসমের জঙ্গলের দিকে এগিয়ে চলেছে।
অন্যদিকে, এনক্লোজার থেকে বাঘিনী পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। বাঘিনীর গলায় থাকা কলারের সিগন্যাল ট্র্যাক করা হচ্ছে। তাঁর খোঁজে প্রশিক্ষিত একাধিক বনদপ্তরের কর্মী জঙ্গলে ঢুকে পড়েছেন। তল্লাশি চালানোর জন্য নিয়ে আসা হয়েছে তিনটি কুনকি হাতিকেও। কিন্তু ২৭ মাইল বনবস্তি পর্যন্ত বাঘিনীকে ট্র্যাক করা গেলেও তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বনদপ্তরের ধারণা, শ্যাডো জোনে চলে যাওয়ার ফলেই কলারের সিগন্যাল ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে বাঘিনীর অবস্থান সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। তবে আধিকারিকদের ধারণা, বাঘিনীটি অসমের রায়মোনা টাইগার রিজার্ভের নর্থ রেঞ্জের দিকেই অগ্রসর হতে পারে।
প্রসঙ্গত, এর আগে বক্সার জঙ্গল থেকে পালানোর পর বাঘিনীর খোঁজে ১৩ দিন খোঁজাখুঁজি চালানো হয়েছিল। শেষে গত ৩ নভেম্বর অসমের রায়মোনা টাইগার রিজার্ভ সংলগ্ন লৌসা নদীর কাছে বাঘিনীর খোঁজ মেলে। সেখানে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় তাকে। তারপরের দিন অর্থাৎ ৪ নভেম্বর বাঘিনীকে ফিরিয়ে আনা হয়। রাখা হয় বক্সার ২৫ মাইল টাওয়ার সংলগ্ন এনক্লোজারে। তার মাত্র পাঁচ দিনের মাথায় ফের সেই এনক্লোজার থেকে চম্পট দিল বাঘিনীটি।



