কালীপুজোর আবহেই মুর্শিদাবাদে জোড়া অগ্নিকাণ্ড! ভস্মীভূত বাড়ি ও দোকান
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর এবং নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: কালীপুজোর উৎসবের আবহেই আগুনের গ্রাসে ছারখার একের পর এক দোকান ও বাড়ি। উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্ক আর কান্নায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও বহরমপুরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রঘুনাথগঞ্জে আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় ১০টি দোকান। অন্যদিকে, বহরমপুরে বাজির আগুনে পুড়ে গিয়েছে দুটি বাড়ির একাংশ।

Advertisement

সোমবার কাকভোরে রঘুনাথগঞ্জ শহরের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় আচমকাই একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা। অন্যদিকে, চোখের সামনে নিজেদের দোকান পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, কালীপুজোর রাতেই বহরমপুরের কসাইখানা এলাকার মাজদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ, বাজি থেকে ছিটকে আসা আগুনের ফুলকি থেকেই আগুন ছড়িয়ে পড়ে দুটি বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে বাড়ির একাংশ। দুটি ঘরের সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুনের হাত থেকে রেহাই পায়নি বাড়িতে থাকা একটি বাইকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। তবে দমকল পৌঁছনোর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।