রাজ্যে ফের এনকাউন্টার! পুলিশের গুলিতে খতম রায়গঞ্জের আব্দুলঘাটা ধর্ষণ এবং খুনকাণ্ডের মূল অভিযুক্ত
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৮:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : বারুইপুর, গাইঘাটা, ধুলিয়ানের পর ফের এনকাউন্টার রাজ্যে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশের হাতে। আজ সোমবার কাকভোরে আব্দুলঘাটা ধর্ষণ এবং খুনকাণ্ডের মূল অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ। নাম দিলীপ রায়(৪৬)। আজ ভোরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ গৌরী গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমান্ত এলাকায় অভিযানে নামে। অভিযোগ, সেখানেই পুলিশকে দেখে পালানোর চেষ্টা চালায় মূল অভিযুক্ত দিলীপ রায়। পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়তে থাকে সে। পালটা আত্মরক্ষার্থে পুলিশ টিমও দিলীপ রায়কে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় অভিযুক্ত। এরপর নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের দেহ মেডিক্যালের পুলিশ মর্গে রাখা হয়েছে। 

Advertisement

৩ নভেম্বর থেকে নিখোঁজ থাকার পর ৫ নভেম্বর বিকেলে আব্দুলঘাটা জঙ্গল থেকে এক নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ওই নাবালিককে একাধিকবার ধর্ষণ করে খুন করে দিলীপ রায়। নাবালিকার পরিবারের তরফে এ নিয়ে পুলিশে দায়ের হয় অভিযোগ। এরপর হন্যে হয়ে অভিযুক্তের খোঁজ চলে। এমন অবস্থায় সোমবার ভোরে জানা যায় অভিযুক্ত বিহারে গা ঢাকা দেওয়ার ছক করেছে। মরিয়া পুলিশ অভিযুক্তকে পাকড়াও করতে অভিযানে নামে। বাংলা বিহার সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পুলিশ এবং অভিযুক্ত মুখোমুখি হয়। পুলিশের হাত থেকে বাঁচতে অভিযুক্ত গুলি চালায়। এরপরই পুলিশের গুলিতে ধরাশায়ী হয় অভিযুক্ত। এদিকে এই ঘটনায় স্বস্তি নাবালিকার পরিবারে।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে তৃতীয় এনকাউন্টার এটি। এর আগে বারুইপুর এবং গাইঘাটাতেও গভীর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন দুই অভিযুক্ত।