নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘মমতাদি, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় একটা কাউন্সিলারের টিকিট নিয়ে জিতে দেখান’। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়ে জেতের চ্যালেঞ্জ দিয়েছিলেন। পুরমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চ্যালেঞ্জের পরিধি বাড়িয়ে দিলেন। তিনি বলেন, ‘রাজ্যের যে কোনো জায়গা থেকে জিতে তো দেখান। দেখি আপনার কত জনসমর্থন’।
রবিবার বার্নপুরে কালীপুজোর উদ্বোধনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও বড় চ্যালেঞ্জ করেছেন পুরমন্ত্রী। তিনি বলেন, ‘বড় বড় কথা সিনেমার ডায়লগেই ভালো লাগে। আপনার ক্ষমতা থাকলে পুলিশ না নিয়ে রাজ্যটা ঘুরে দেখান। দু’-এক বার বেরিয়েছিলেন। দেখেছিলেন তো জনরোষ কাকে বলে। মনে রাখবেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার মতো প্যারাসুট থেকে নেমে রাজনীতি করতে আসেননি। উনি আপনার পিসিমাকে দু’-দু’ বার হারিয়েছেন। সিনেমার মতো ডায়লগ দিতে যাবেন না। আপনি ভুলে যাচ্ছেন আপনার পিসিমা আর মুখ্যমন্ত্রী নেই। এখন রাষ্ট্রবাদী সরকার রয়েছে।’
বর্তমান রাজ্য সরকারের উপর তৃণমূল এমপি একের পর এক তোপ দাগতেই এবার পাল্টা আক্রমণের পথে গেলেন রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য।
এদিন দিনভর অগ্নিমিত্রা পাল একের পর এক কালীপুজোর উদ্বোধন করেছেন। তাঁকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়েছে। কোথাও কালীপুজোর উদ্বোধনে এলে পাড়ার মহিলারা তাঁর কাজে আর্জি করেছেন, তাঁরা মহিলা পরিচালিত দুর্গাপুজো করতে চান। কোথায় কালীপুজোর উদ্বোধন করিয়ে ব্যবসায়িক সমস্যার কথা তুলে ধরেছেন ব্যবসায়ীরা। এদিন আসানসোল দক্ষিণ থানার মহিশিলায় গিয়েছিলেন পুরমন্ত্রী। সেখানেই দুর্গাপুজো শুরু করার আর্জি জানানো হয় তাঁকে। মন্ত্রী জানান, আসন্ন বছর কেন এবছরই তো আপনারা মহিলা পরিচালিত দুর্গাপুজো করতে পারতেন। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যাঁরাই পুজো করার অনুমতি চাইবে তাঁদের অনুমতি দেওয়া হবে। আমি আপনাদের পাশে আছি। এদিন মন্ত্রী হীরাপুর থানা এলাকার বার্নপুর ডেইলি মার্কেটের কাছে পুজো উদ্বোধনে আসেন। সেখানেই তিনি বলেন, বর্তমানে বাজারের যা অবস্থা, বয়স্কদের বাজার করা খুবই কষ্টকর। মহিলাদের জন্য উপযুক্ত শৌচালয় নেই। মাছের আঁশ ফেলে ড্রেন ভতিয়ে দেওয়া হচ্ছে। মাছের ট্রে রাস্তার উপর রেখে ক্রেতাদের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। আমরা পরিকাঠামো উন্নয়ন করব কিন্তু ব্যবসায়ীদেরও বাজার পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।



