কালীপুজোর রাতেই বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৬টি দোকান
  • ৯ নভেম্বর, ২০২৬ ১০:১২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: কালীপুজোর রাতেই বিধ্বংসী আগুনের ঘটনা ঘটল বোলপুরে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাসস্ট্যান্ড সংলগ্ন নেতাজি মার্কেটের ছ'টি দোকান। রবিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। দোকানে মজুত সামগ্রীর পাশাপাশি নগদ টাকাও পুড়ে গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে মার্কেটের একটি মুদিখানার দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। পরপর কয়েকটি দোকান দাউদাউ করে জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দোকানের ভিতরে থাকা সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জানা গিয়েছে, দুটি মুদিখানার দোকান ও দুটি সবজির দোকান সহ মোট ছ'টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে দোকানের সমস্ত সরঞ্জাম ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্দিষ্ট করে জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর থেকে গোটা মার্কেট বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।