সংবাদদাতা, রামপুরহাট: যুদ্ধরত দুই দেশকে জুড়লেন মা তারা। রাশিয়া-ইউক্রেন সংঘাত থামার প্রার্থনা নিয়ে মা তারার পুজো দিলেন রাশিয়া এবং ইউক্রেনের বাসিন্দারা। তাঁদের প্রার্থনা, দ্রুত থামুক যুদ্ধ, ফিরুক শান্তি। রাশিয়া থেকে আসা এক ভক্ত তারাপীঠে এসে বলেন, ‘আমাদের সঙ্গে ইউক্রেন থেকেও অনেকে এসেছেন। কিন্তু আমাদের মধ্যে কোনো যুদ্ধ নেই, শুধু ভালোবাসা আছে, শুধু প্রেম আছে।’
প্রতি দীপান্বিতা অমাবস্যায় তারাপীঠে মা তারা কালী রূপে পূজিত হন। এদিন সেখানে ভক্তদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসেন অনেকেই মা তারার দর্শনে। তাঁকে নিজেদের অভাব-অভিযোগ জানাতে। মা-কে পুজো দেন। বিদেশিরাও আসেন। কিন্তু এ যেন এক অন্য ছবি। ভালোবাসার মেলবন্ধন। বন্ধুত্ব। আবেগঘন হয়ে এক ভক্ত বলেন, ‘রোজ পুজো করি। কামাখ্যা দেবী, মহাকালী - তিনি শক্তির প্রতীক। আমরা রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার জন্য প্রার্থনা করছি। আমরা চেষ্টা করছি, আমরা প্রার্থনা করছি। ভগবানের ইচ্ছা হলে যুদ্ধ থামবে। আমরা আশা করছি।’
তাঁদের সকলের মধ্যেই পুজোকে ঘিরে উন্মাদনা। মা তারাকে ভক্তিভরে দেখার পরে অত্যন্ত খুশি হয়েছেন তাঁরা, জানিয়েছেন এক ভক্ত। যাঁর নাম অজয়। পুজো দেওয়ার পরে দু’হাত তুলে ‘জয় মা তারা’, একসঙ্গে বলেন, ‘হর হর মহাদেব’-ও।
অজয় বলেন, ‘আমরা মহাশক্তি, মহাদেবকে বিশ্বাস করি। কর্ম আর ধর্মে বিশ্বাস করি। আজ খুব বড় উৎসব। দীপাবলি। কালীপুজো। সেই জন্যই আমরা এই পবিত্র জায়গায় এসেছি। কারণ পৃথিবীর আর কোথাও এই জায়গার মতো জায়গা পাবেন না।’



