নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখায় আপত্তি ছিল মায়ের। সেই সম্পর্ক যাতে আর না থাকে, তার জন্য নাকি রাজ্যের এক মন্ত্রীকে দিয়ে বান্ধবীর পরিবারকে হুমকি দেওয়ানো হয়েছিল। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন অনীশ রায় নামে বছর কুড়ির এক যুবক। ভিডিয়োতে নিজেকে রাজ্যের নির্বাচন কমিশনার নীলম মিনার পুত্র বলে পরিচয় দিয়েছেন তিনি এবং তাঁর সরাসরি অভিযোগ রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের বিরুদ্ধে। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যুবকের ওই অভিযোগের পর হাওড়া সিটি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। ভিডিয়োতে অনীশের দাবি, পড়াশোনার সূত্রে তাঁর বান্ধবীর বাড়িতে যাতায়াত ছিল। একইভাবে ওই তরুণীও পড়াশোনার জন্য তাঁদের বাড়িতে আসতেন। কিন্তু এই সম্পর্ক তাঁর আইএএস মা পছন্দ করতেন না। সম্পর্ক ছিন্ন করানোর জন্য তাঁর মা নিজের প্রশাসনিক প্রভাব খাটিয়ে হাওড়ার বিধায়ক মন্ত্রী উমেশ রাইকে বিষয়টি জানান বলে অভিযোগ যুবকের। এরপর মন্ত্রীর কয়েকজন লোক নাকি ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে হুমকি দেয় বলেও ভিডিয়োতে দাবি করেছেন অনীশ। উদ্দেশ্য ছিল, যাতে বান্ধবী তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ না রাখেন। ভিডিয়োটি সামনে আসতেই রাজনৈতিক চর্চা শুরু হয়। পুলিশের দ্বারস্থ হন প্রতিমন্ত্রী। শুক্রবার উমেশ রাই বলেন, ‘এক বন্ধুর কাছ থেকে আমি ওই ভিডিয়োটি পেয়েছি। ভিডিয়োটি দেখে আমি বিস্মিত। রাজ্যের নির্বাচন কমিশনারকেই আমি এখনও ঠিকমতো চিনি না। ফলে এমন কোনও কাজ করার প্রশ্নই ওঠে না।’ মন্ত্রী আরও বলেন, ‘ওই যুবক আদৌ নির্বাচন কমিশনারের ছেলে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। যুবকের কথাবার্তায় তাঁকে মানসিকভাবে সুস্থ বলে মনে হয় না।’ অনীশের বিরুদ্ধে হাওড়ার পুলিশ কমিশনার ও হাওড়া সিটি পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান উমেশ।



