নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বেশ কোণঠাসা ভারত। গ্রুপ ‘সি’তে সর্বনিম্ন স্থানে রয়েছে ব্লু টাইগার্স। ২ ম্যাচে সন্দেশ, লিস্টনদের পয়েন্ট মাত্র ১। হংকংয়ের বিরুদ্ধে পরাস্ত হয়েছে ভারত। এমনকী, ঘরের মাঠে দুর্বল বাংলাদেশকেও হারাতে ব্যর্থ তারা। এমন পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ফিরতি পর্বের খেলা ১৪ অক্টোবর। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে মারগাঁওয়ের ফাতোরদা স্টেডিয়ামে।
ফিফা তালিকায় ভারতের চেয়ে পিছিয়ে সিঙ্গাপুর। তাদের র্যাঙ্কিং ১৫৮। খালিদ ব্রিগেড রয়েছে ১৩৪ নম্বরে। কয়েকদিন আগে কাফা নেশনস কাপে শক্তিশালী ওমানকে বশ মানিয়ে ব্রোঞ্জ পান গুরপ্রীতরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান মুম্বইকর কোচ। কিন্তু জিততে গেলে লক্ষ্যভেদ জরুরি। ভারতীয় দলে স্কোরারের অভাব প্রকট। কাজ চালাতে ৪০ বছরের সুনীল ছেত্রীকে স্কোয়াডে ডেকেছেন খালিদ। কিন্তু তিনি সেরা সময় পেরিয়ে এসেছেন বহু দিন আগেই। তাই মুম্বইকর কোচকে বিকল্প ভাবতে হবে। অল্প সময়ে স্কোরারের সমস্যা মেটানো খালিদের আসল চ্যালেঞ্জ। রক্ষণ জমাট করে প্রতি-আক্রমণ শানানোই তাঁর পছন্দের কৌশল। অ্যাওয়ে ম্যাচে নিজস্ব ভাবনা থেকে সরতে নারাজ কোচ। কাফা নেশনস কাপে চোট পেয়েছিলেন সন্দেশ ঝিংগান। সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন এই সিনিয়র ডিফেন্ডার। অন্যতম ফুটবলার লালরিনজুয়ালা ছাংতের মন্তব্য, ‘সিঙ্গাপুরকে টেক্কা দিতে আমরা তৈরি। কাফা নেশনস কাপের পর ফুটবলাররা আরও আত্মবিশ্বাসী। নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।’ রক্ষণের স্তম্ভ রাহুল ভেকে কিছুটা সতর্ক। তিনি বলেছেন, ‘র্যাঙ্কিং ভাবলে চলবে না। সিঙ্গাপুর বেশ শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে জেতা ছাড়া উপায় নেই।’ মোহন বাগানের লিস্টন কোলাসো, দীপক টাংরি ও সাহাল আব্দুল সামাদ জাতীয় শিবিরে ডাক পেয়েছেন। বিশেষ করে গোয়ানিজ উইং হাফ লিস্টনের গতি কাজে লাগাতে চাইবেন খালিদ। পাশাপাশি, ইস্ট বেঙ্গলের আনোয়ার আলি ও নাওরেম মহেশ সিংও স্কোয়াডে রয়েছেন। কাফা নেশনস কাপ খালিদের উপর প্রত্যাশা বাড়িয়েছে। তাই জাতীয় কোচের পারফরম্যান্সও আসতকাচের নীচেই থাকবে।