আন্দুলে রাসমেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও হুগলি: রাসের মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছিল। এমনই এক রাইড পরিচালনা করতে গিয়ে প্রাণ গেল ১৫ বছরের এক কিশোরের। বুধবার সন্ধ্যায় হাওড়ার আন্দুলে রাসমেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হুগলির শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকার বাসিন্দা সুরজকুমার সাউয়ের। সে নবম শ্রেণির ছাত্র ছিল। মেলায় শিশুদের জাম্পিং প্লে বা জাম্পিং রাইডের কাছে লোহার জাল দিয়ে ঘেরা অংশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওই লোহার জালে বিদ্যুতের সংযোগ ছিল। তার সংস্পর্শে এসেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সুরজ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

সুরজকে কাজে নিয়ে যাওয়ায় সামনে এসেছে একাধিক অভিযোগ। তার পিসতুতো দাদার দাবি, এলাকার বাসিন্দা কৈলাশ প্রসাদ বুধবার দুপুরে বাড়ি থেকে ডেকে তাকে কাজে নিয়ে যান। নাবালক ছেলেকে কাজে পাঠাতে আপত্তি ছিল তার মায়ের। কিন্তু সেই নিষেধ অগ্রাহ্য করেই তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যদিও কৈলাশের স্ত্রীর পালটা দাবি, এর আগেও সুরজ ওই কাজে গিয়েছে। মেলায় কাজ করলে কিছু টাকা রোজগার হয়, এই ভেবেই তার মায়ের অনুমতি নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। জোর করে কাজে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
ওই জাম্পিং প্লে’র মালিক প্রীতম দাসের দাবি, মৃত কিশোর তাঁর অধীনে কাজ করত না। ওই জায়গায় বিদ্যুতের লাইন যথাযথভাবেই করা হয়েছিল। তাসত্ত্বেও কীভাবে দুর্ঘটনা হল, তা বুঝতে পারছেন না তিনি। স্থানীয়দের অভিযোগ, যথাযথ সতর্কতা ও রক্ষণাবেক্ষণের অভাবই এই বিপত্তির কারণ। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সংশ্লিষ্ট জাম্পিং প্লে বন্ধ রাখা হয়েছে। তবে মেলার বাকি অংশ চালু রয়েছে। সুরজের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমেছে শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকায়।