Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পদপিষ্টের জের, চিন্নাস্বামী হারাল বিশ্বকাপের ম্যাচ

জল্পনার অবসান। পরের মাসে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ হারাল বেঙ্গালুরু। প্রশাসনিক ও নিরাপত্তা জনিত কারণে মেলেনি সবুজ সংকেত।

পদপিষ্টের জের, চিন্নাস্বামী হারাল বিশ্বকাপের ম্যাচ
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জল্পনার অবসান। পরের মাসে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ হারাল বেঙ্গালুরু। প্রশাসনিক ও নিরাপত্তা জনিত কারণে মেলেনি সবুজ সংকেত। তাই চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরল কাপযুদ্ধের পাঁচটি ম্যাচ। পরিবর্তে সেগুলি হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। অর্থাৎ, প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ, একটি সেমি-ফাইনালের সঙ্গে ফাইনালও হতে পারে এখানে। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্ত জানিয়েছে। চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অভূতপূর্ব পরিস্থিতিতে আমাদের সূচিতে রদবদল করতে হয়েছে। পাঁচটি বিশ্বমানের ভেন্যুতেই হবে প্রতিযোগিতা। আমি আত্মবিশ্বাসী যে, এই আসরে সর্বোচ্চ মানের ক্রিকেট দেখা যাবে।’

Advertisement

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসব বদলে গিয়েছিল বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন ক্রিকেটপ্রেমী। সেই ঘটনার পর কোনও ম্যাচ হয়নি এই স্টেডিয়ামে। বিসিসিআই তাই কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে নির্দেশ দিয়েছিল মহিলা বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র আদায় করতে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা মেলেনি। বিশেষ করে পদপিষ্টের ঘটনার পর তদন্ত কমিশন জানায় যে, চিন্নাস্বামী স্টেডিয়াম বেশি মানুষের জমায়েতের পক্ষে অনুপযুক্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরের বছর আইপিএল আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট মহলের ধারণা, ট্রফি জয়ী বিরাট কোহলিরা ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন না।
মহিলাদের বিশ্বকাপের জন্য বেঙ্গালুরুর বিকল্প ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে ভাবা হয়েছিল তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামকে। কিন্তু সেখানকার পরিকাঠামোও সন্তোষষজনক নয়। তাই শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় নবি মুম্বইকে। ১২ বছর পর ভারতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি অবশ্য আশাবাদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ