ইসলামাবাদ: এবার বালুচিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে চীন! ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরকে চিঠি লিখে এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিদ্রোহী বালোচ নেতা তথা সমাজকর্মী মীর ইয়ার বালোচ। গত ১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি তিনি পোস্ট করেছেন। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে লেখেন, পাকিস্তান ও চীনের এই ঘনিষ্ঠতা বালুচিস্তানবাসীর জন্য ‘ভয়ংকর’। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেনি বেজিং ও ইসলামাবাদ।
গত মে মাস থেকে বালুচিস্তানকে ‘স্বাধীন’ ঘোষণা করেছিলেন মীর। জয়শংকরকে চিঠিতে তিনি লিখেছেন, ‘গত ৭৯ বছর ধরে রকারি দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বালুচিস্তানের টুঁটি টিপে ধরেছে ইসলামাবাদ। এবার সময় এসেছে এই শোষণকে মূল থেকে উপড়ে ফেলে বালোচদের শান্তি ও সার্বভৌমতা রক্ষা করার।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, চীন-পাকিস্তান ইকনমিক করিডর (সিপিইসি) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তান ও চীনের এই কৌশলগত অবস্থানকে উদ্বেগজনক বলে মনে করছে রিপাবলিক অব বালুচিস্তান। পাশাপাশি মীরের হুঁশিয়ারি, বালোচদের সঙ্গে আলোচনা না করে চীন সেনা মোতায়েন করলে তার পরিণতি ভয়ংকর হবে।
চিঠিতে অপারেশন সিন্দুরেরও ভূয়সী প্রশংসা করেছেন মীর। ভারত ও বালুচিস্তানের মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্কের কথা মনে করিয়ে লিখেছেন হিংলাজ মাতা বা বিবি নানির মন্দিরের কথাও।